রূপগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২২, ০৫:১৬ পিএম
রূপগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুনে দগ্ধ নয় কর্মচারীর মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম রোকন (২৫)। এ নিয়ে দগ্ধ তিনজনের মৃত্যু হলো। এর আগে গত শুক্রবার (১ এপ্রিল) ও শনিবার (২ এপ্রিল) আকালু (৩৫) ও মুজাহিদ (২০) নামে আরও দুজন দগ্ধ রোগী মারা যান। শনিবার (৯ এপ্রিল) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
রোববার (১০ এপ্রিল) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.এস এম আইউব হোসেন। তিনি বলেন, নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণে দগ্ধ হয়ে ৯ জন আমাদের এখানে এসেছিলেন। শনিবার রোকন নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তার শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল। গত ৩০ মার্চ রাত সাড়ে ১০টার দিকে রূপগঞ্জ দক্ষিু গোলাকান্দা এলাকায় কারখানাটিতে আগুন লাগে। পরে, দগ্ধদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। হাসপাতালে আরো ছয়জন চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন- বায়েজিদ, খাদেমুল, সজিব, রিপন, মেহেদী ও রাসেল। তাদের সবার বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।
ওইদিন রাতে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, কেমিক্যাল কারখানায় বিস্ফোরণ থেকে আগুন লাগে। খবর পেয়ে স্থানীয় ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।


