সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর রিমন নামে আট বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে সোনারগাঁও থানা পুলিশ। রোববার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার নােয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী বিজয়নগর এলাকার একটি ধানক্ষেত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত রিমন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নের নয়ানগর এলাকার বিল্লাল হোসেনের ছেলে।
এ বিষয়ে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, গতকাল দুপুরের দিকে এলাকাবাসী ধানক্ষেতে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়৷ আমরা তৎক্ষণাত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। মরদেহটির গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শিশুটি হত্যাকান্ডের শিকার হয়েছে বলে আমরা ধারণা করছি।
এর আগে গতকাল রাত থেকেই শিশুটি নিখোঁজ ছিল বলে জানান শিশুটির বাবা। কিছুক্ষণ পর লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ বা মামলা হয়নি। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি হাফিজুর।


