বক্তাবলীতে ইটভাটায় অভিযানে ম্যাজিস্ট্রেটের উপর হামলা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২, ০৬:০০ পিএম
ফতুল্লার বক্তাবলীর চর রাজাপুরে একটি এলাকায় ইট ভাটায় অভিযান পরিচালিত করতে গিয়ে জেলা প্রশাসনের নির্বাহী মেজিস্ট্রেট জেসমিন নাহার ও নুশরাত আরা খানমের উপর হামলার ঘটনা ঘটেছে।
এ সময় ইট ভাটার বিক্ষুব্ধ শ্রমিকরা ভ্রাম্যমান আদালতের একটি মাইক্রোবাস ভাংচুর করে। তাদের ছোঁড়া ইটের আঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। গতকাল বিকেল তিনটার দিকে এনবিএম ইট ভাটায় এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। ঘটনার পরপরই প্রতিষ্ঠানটির মালিক জাকির হোসেন ও ম্যানেজার বাবুল গা ঢাকা দিয়েছেন।
জানাযায়, হাইকোর্টের নির্দেশনানুযায়ী জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন নাহার ও নুশরাত আরা খানমের নেতৃত্বে গতকাল বিকেলের দিকে এনবিএম ইট ভাটায় অভিযান পরিচালিত হয়। মেজিস্ট্রেট আসার খবর পেয়ে উত্তেজিত হয়ে পরেন ইট ভাটার শ্রমিকরা। বুলডোজার দিয়ে ইট ভাটার ক্লিন ভাংগা শুরু করলে শ্রমিকরা অবরুদ্ধ করে রাখে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী দলটিকে।
এ সময় তারা ইট পাটকেল ছুঁড়ে একটি মাইক্রোবাস ভাংচুর করে। আত্মরক্ষার্থে দুই মেজিস্ট্রেট গাড়ি থেকে নেমে স্থানীয়দের সহযোগিতায় পার্শ্ববর্তী একটি ঘরের পেছনে আশ্রয় নেন। পরে উত্তেজিত শ্রমিকরা সরে গেলে ভ্রাম্যমান আদলত পরিচালনাকারী নির্বাহী দুইজন ম্যাজিষ্ট্রেট ঘটনাস্থল ত্যাগ করেন। পরে খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ইটভাটায় এসে উপস্থিত হয়। কিন্তু ইটভাটার কারো সাথে পুলিশ যোগাযোগ করতে পারেনি।
এব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. রকিবুজ্জামান বলেন, বক্তাবলীর একটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালননার সময় ইটভাটার মালিক শ্রমিকরা উদ্ধ্যতপূর্ন আচরণ করেছে জানতে পেরে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


