সোনারগাঁয়ে ডাকাতি প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেফতার
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২, ০৬:৫৭ পিএম
সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের মছলন্দেপুর গ্রামে ডাকাতি প্রস্তুতিকালে দুই ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপার্দ করেছে এলাকাবাসী। শনিবার (১৬ এপ্রিল) দিবাগত রাত তিনটার দিকে তাদের আটক করে গণধোলাই দেয়। রোববার (১৭ এপ্রিল) সকালে পুলিশ তাদের গ্রেফতার করে হাসপাতালে চিকিৎসা শেষে মামলা দায়েরের পর তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে।
গ্রেফতারকৃতরা হলো- চেঙ্গাকান্দি গ্রামের মিলন মিয়ার ছেলে মাসুম ও একই গ্রামের সামসুল হকের ছেলে রিপন। পুলিশ জানায়, উপজেলার বারদী ইউনিয়নের মছলন্দপুর গ্রামে শনিবার দিবাগত রাত তিনটার দিকে ৮-১০জনের ডাকাত দল ব্যবসায়ী রোকন মিয়ার বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী মসজিদের মাইকে ঘোষনা দিয়ে চারদিক থেকে ঘিরে দুই ডাকাতকে আটক করে।
এলাকাবাসী তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপার্দ করে। দুই ডাকাতকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, দুই ডাকাতকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।


