ফতুল্লায় মিষ্টির দোকানিকে জরিমানা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২০ এপ্রিল ২০২২, ০৮:২৮ পিএম
কাপড়ের রঙ ব্যবহার করে জিলাপি তৈরি করার অভিযোগে নারায়ণগঞ্জের একটি মিষ্টির দোকানির কাছ থেকে অর্ধলক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার সকালের দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের সোনামিয়া বাজারে অভিযান চালিয়ে বন্ধু সুইটমিট অ্যান্ড হোটেল মালিকের থেকে ওই জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চলে। এই অভিযানে জেলা বাজার কর্মকর্তার প্রতিনিধি, জেলা ক্যাব এর প্রতিনিধি এবং সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল। সেলিমুজ্জামান বলেন, জিলাপিকে আকর্ষণীয় করার জন্য কাপড়ের রঙ ব্যবহার করছিলো ওই প্রতিষ্ঠানটি।
এ ছাড়াও অপরিচ্ছন্ন পরিবেশে তারা মিষ্টি তৈরি করছিল। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ও ৪৩ ধারায় ওই প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।


