ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২০ এপ্রিল ২০২২, ০৮:৩৭ পিএম
গতকাল বিকেল পাঁচটায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে ‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনাসভা ও ইফতারের আয়োজন করা হয়। মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক তাইরান আবাবিল রোজার সভাপতিত্বে এবং সম্পাদক সৌরভ সেনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবনির্বাচিত সভাপতি ছাত্রনেতা মশিউর রহমান খান রিচার্ড।
আরও উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজন,নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুনা ও অন্যান্য শাখার নেতাকর্মীসহ গার্মেন্টস শ্রমিক সংহতির সংগঠক মেহেদী হাসান উজ্জ্বল।
মশিউর রহমান খান রিচার্ড তাঁর আলোচনায় বাংলাদেশের শিক্ষাব্যবস্থা,ইতিহাস-সংস্কৃতি ও শিক্ষাব্যবস্থার বৈষম্য সংস্করণ সংশ্লিষ্ট বিষয়ে ছাত্রদের করণীয় নিয়ে বিশেষভাবে আলোচনা করেন। তিনি বলেন, 'শিক্ষা মানুষকে চিন্তা করতে শেখায়, মেরুদন্ড সমুন্নত রাখতে শিখায়, দেশকে দশকে একত্রিত করতে শেখায়। অথচ বর্তমান শিশু তার পাঠ্যবইয়ে শেখে 'শিক্ষা নিয়ে গড়বো দেশে শেখ হাসিনার বাংলাদেশ'।
শিক্ষাব্যবস্থাকে জাতীগঠনের নয় বরং ধ্বংসের উপায় হিসেবে পরিচালনা করে এক অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেয়া হচ্ছে। এই দেশধ্বংসী যন্ত্র থেকে গোটা দেশকে রক্ষা করার বিশেষ দায়িত্ব এই সময়ের তরূণ ছাত্রদের। ইতিহাস থেকে দেখেছি, ভয়কে জয় করার মধ্য দিয়েই পরিবর্তন সম্ভব। আগামীর একটা ভয়হীন-মেধাবী বাংলাদেশ নির্মাণে এই সময়ের তরুণরাই অগ্রণী ভুমিকায় থাকবে'।


