Logo
Logo
×

নগরের বাইরে

বকেয়া বেতনের দাবিতে গার্মেন্ট শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২২, ০৯:২৪ পিএম

বকেয়া বেতনের দাবিতে গার্মেন্ট শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
Swapno

সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আদমজী ইপিজেডের বেকা গার্মেন্ট এন্ড টেক্সটাইলের শ্রমিকরা। শনিবার (২১ এপ্রিল) সকাল ১১ টায় শিমরাইল মোড়ে শ্রমিকরা এ কর্মসূচী পালন করে। এসময় শ্রমিকরা তাদের বকেয়া বেতন যথাসময়ে বুঝিয়ে দেয়ার দাবি জানান। শ্রমিকদের রাস্তা অবরোধের ফলে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ ছিল।

 

পরবর্তীতে শিল্পাঞ্চল পুলিশ এবং সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জলকামান নিক্ষেপ এবং লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিকরা জানান, সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেড এলাকায় অবস্থিত বেকা গার্মেন্টসে অ্যান্ড টেক্সটাইলসে অন্তত ৮ থেকে ৯ শত শ্রমিক কাজ করেন। তাদের কারও দুই মাস আবার কারও তিন মাসের বেতন পাওনা রয়েছে।

 

মোয়াজ্জেম হোসেন নামে আন্দোলনরত এক শ্রমিক জানান, বেকা গার্মেন্টস এন্ড টেক্সটাইল ৩ মাস ধরে আমাদের বেতন বকেয়া রেখেছে। মালিক কর্তৃপক্ষ বেতন দেওয়ার কথা বললেও এখনো পর্যন্ত তারা কোনো শ্রমিকেরই বেতন বুঝিয়ে দেয় নি। আকলিমা আক্তার নামে এক নারী শ্রমিক জানান, শ্রমিকদের দাবি, বেতন না পাওয়ায় তারা কষ্টে দিন কাটাচ্ছে।

 

কষ্টের কথা মালিকপক্ষকে বারবার জানিয়েও কোনো লাভ হচ্ছে না। একদিকে রমজান মাস, আবার সামনে চলে আসছে ঈদ, বাড়ির ভাড়া বাকি, ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্টে দিন পার করছি, মালিক পক্ষ বেতন দিচ্ছেন না। তাই বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে আন্দোলন করতে হচ্ছে। বেপজার জিএম মোহাম্মদ আহসান কবিরের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কলটি বারবার কেটে দেন।

 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বেকা গার্মেন্টস মালিক কর্তৃপক্ষের সাথে আমরা নিয়মিত যোগাযোগ করে আসছি। তারা আমাদের আশ্বাস দিয়েছিল ১৮ তারিখের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন বুঝিয়ে দিবে। কিন্তু তারা এখনো পর্যন্ত শ্রমিকদের বেতন বুঝিয়ে দেয় নি। বেপজা শ্রমিকদের বেতনের বিষয়টি দেখবে।

 

যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে আমাদের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান ওসি মশিউর। নারায়ণগঞ্জ শিল্প পুলিশের (অঞ্চল ৪) পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বেকা গার্মেন্ট এন্ড টেক্সটাইল শ্রমিকরা সকাল ১১টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে যানজটের সৃষ্টি হলে আমরা শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিতে বাধ্য হই। শ্রমিকরা যেন আবারও কোনো প্রকার বিশৃঙ্খলা না করতে পারে সেজন্য ইপিজেডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন