২০ রমজানের মধ্যে এক মাসের বেতনের সমপরিমাণ ঈদ বোনাস ও বকেয়া বেতন-ভাতা পরিশোধ সহ ঈদের আগে এপ্রিল মাসের পূর্ণ বেতন প্রদানের দাবিতে শ্রমিক সমাবেশ করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেল ৪টায় ফতুল্লা শিবু মার্কেট এলাকায় এ শ্রমিক সমাবেশে করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কাঠেরপুল-শিবুমার্কেট আঞ্চলিক কমিটির নেতা মো. মোস্তাকিম, বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয় কমিটির নেতা দুলাল সাহা, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, আঞ্চলিক নেতা মো. হাবিব, প্যারাডাইজ কেবলস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রাসেল ও সাংস্কৃতিক নেতা সুজেয় রায় চৌধুরী বিকু প্রমুখ।
সমাবেশে নেতারা বলেন, মালিকরা সারা বছর শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে নানা রকম টালবাহানা করে। ঈদকে সামনে রেখে সকল বকেয়া পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দেয়। কিন্তু কতিপয় মালিক ঈদ মূহুর্তে এসে শ্রমিকদের বেতন-বোনাস থেকে বঞ্চিত করে চরম বিপদে ফেলে দেয়। ফলে ঈদের দিনেও শ্রমিকরা না খেয়ে থাকে চোখের জলে ভাসে।
বাড়ি ফিরে আপন জনদের সহিত মিলিত হয়ে ঈদ উৎসব পালনের সুযোগ থেকে বঞ্চিত হয়। শ্রমিকদের বেতন-বোনাস প্রাপ্তি নিশ্চিত করতে সরকার ও গার্মেন্টস মালিকদের সংগঠন বিকেএমইএ, বিজিএমইএ'কে দায়িত্বশীল পদক্ষেপ নিতে হবে। বেতন-বোনাস নিয়ে শিল্পে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে এর দায় দায়িত্ব মালিকদের কেই নিতে হবে।
তারা আরও বলেন, সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ এক মাসের বেতনের সমান ঈদ-বোনাস পায় কিন্তু দেশের অর্থনীতির মূল ভূমিকায় যে গার্মেন্ট শ্রমিক তাদের একই হারে বোনাস দেওয়া হয় না। এক দেশে দুই নিয়ম চলতে পারে না। ২০ রমজানের মধ্যেই গার্মেন্ট শ্রমিকসহ অপরাপর সকল শ্রমিকদের এক মাসের বেতনের সমান ঈদ বোনাস ও সকল বকেয়া পাওনা পরিশোধসহ ঈদের আগে এপ্রিল মাসের পূর্ণ বেতন দিতে হবে।


