দুই দোকানীকে তুলে নেওয়ার অভিযোগ কাউন্সিলর বাদলের বিরুদ্ধে
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২২, ০৭:৩৮ পিএম
সিদ্ধিরগঞ্জে শিমরাইল মোড়ের ফুটপাতের অবৈধ দোকান পাট থেকে চাঁদার টাকা না পেয়ে দুই যুবককে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে নাসিক ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলের বিরুদ্ধে।
শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে কাউন্সিলর শাহজালাল বাদলের সন্ত্রাসী বাহিনীর প্রধান চাঁদাবাজ জামালের নেতৃত্বে ১০/১৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী এসে মো. রাজু ও মো. রাজিব নামের ওই দুই যুবককে তুলে নিয়ে যায়।
এসময় মধ্যযুগীয় কায়দায় ওই দুই যুবককে মারধর করারও অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে গিয়ে কয়েকটি দোকান মালিকের সাথে কথা হলে তারা জানান, কি বলবো ভাই প্রতিদিন তারা জোরপূর্বক চাঁদার টাকা আদায় করছে। তাদেরকে চাঁদা না দিলে প্রায় সময়ই দোকান মালিকদের মারধর করে। তাদের এই অত্যাচারে আমরা অতিষ্ঠ।
প্রশাসন সব কিছু দেখেও না দেখার ভান করছে। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক দোকান মালিক জানান, কাউন্সিলর বাদলের সন্ত্রাসী বাহিনীর প্রধান জামাল, ইসমাইল, সেলিম, ইকবাল, রাজু ও বুট্রোসহ ২০/২৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী প্রতিদিন চাঁদার দাবিতে হুমকি দামকি দেয়। তাদের দাবি কৃত চাঁদা না দিলেই মারধরের শিকার হতে হয় দোকানীদের।
তিনি আরও বলেন, তাদের সবার বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। তাদেরকে স্থানীয় পুলিশ ও র্যাব একাধিকবার গ্রেফতার করেছে। এ বিষয়ে কাউন্সিলর শাহজালাল বাদলের মুঠোফোনে( ০১৭১১-...০১৫) একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এদিকে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এ বিষয়টি আমার জানা নেই। কেউ অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


