প্রতিবাদ সমাবেশ শেষে ফেরার পথে গ্রেফতার হন সাগর সিদ্দিকী
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ০৫:২৯ পিএম
ঢাকার পল্টনে জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদের ছুরিকাঘাতের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ গ্রেফতার ছাত্রদল নেতা সাগর সিদ্দিকী সমর্থকদের। ইতোমধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে জেলা ছাত্রদল সহ-সভাপতি সাগর সিদ্দিকীকে গ্রেফতারের পর দেখা দিয়েছে চরম ক্ষোভ।
একই সঙ্গে বিএনপির বেশ কয়েকজন নেতা কর্মীকে জড়ানোর চেষ্টা চলছে। তাদের দাবি, গতকাল নিউ মার্কেটের ঘটনায় মকবুলকে গ্রেফতারের প্রতিবাদে ছাত্রদল সহ-সভাপতি সাগর সিদ্দিকীর নেতৃত্বে নেতাকর্মীরা ঢাকায় প্রতিবাদ সমাবেশে যোগদান করেন। প্রতিবাদ সমাবেশ শেষে দুপুর ১২টায় সাগর সিদ্দিকী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদকে দেখতে যান।
সেখানে যাওয়ার পর পুলিশ সাগর সিদ্দিকীকে গ্রেফতার করে পল্টন থানায় নিয়ে যায়। এদিকে সন্দেহজনক হিসেবে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সাগর সিদ্দিকীকে গ্রেফতারের বিষয়টি নারায়ণগঞ্জে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভ দেখা দেয়। এদিকে সোস্যাল মিডিয়ায় একটি পক্ষ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীর জড়িত থাকার মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছে।
সূত্র জানিয়েছে, সাগর সিদ্দিকীর বিষয়টি এখনো তদন্তানাধীন। এটি কোন ছিনতাইকারী গ্রুপ দ্বারা সংগঠিত হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বিএনপির আভ্যন্তরিন কোন্দলকে মাথায় রাখা হয়েছে। এ মুহুর্তে ছুরিকাঘাতের বিষয়টি কে বা কারা ঘটিয়েছে তা নিরূপন করা সম্ভব হয়নি। বেশ কয়েকটি বিষয় নিয়ে তদন্ত চলছে।
এদিকে বিএনপির নেতাকর্মীরা বলছেন, মামুন মাহমুদ বিএনপির কমিটি নিয়ে সারা জেলায় ক্ষোভের সঞ্চার করেছেন। প্রতিটি থানা কমিটি নিয়েই রয়েছে তার উপর ক্ষোভ ছিল। বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের কাছের লোক হিসেবে পরিচিত মামুন মাহমুদ। মামুন মাহমুদের উপর হামলার ঘটনা নিঃসন্দেহে নিন্দনীয় তবে এঘটনায় যাতে কোন নিরপরাধ শাস্তির আওতায় না আসে সেদিকে খেয়াল রাখার দাবি জানিয়েছে বিএনপি কর্মীরা।


