রূপগঞ্জে ছেলে মেয়ের ঈদের নতুন জামা কিনতে মার্কেটে যাওয়ার পথে রাস্তা পার হতে গিয়ে মা রিনা বেগম(৩৫) সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়। আহত হয় তার ১০ বছর বয়সী উর্মি। মঙ্গলবার(২৬এপ্রিল) উপজেলার কাঞ্চন পৌরসভার টেংরারটেক এলাকায় ঘটে এ মর্মান্তিক ঘটনা। নিহত রিনা বেগম হলেন, উপজেলার কাঞ্চন পৌরসভার হাটাবো টেকপাড়া এলাকার ইজিবাইক চালক রুস্তম আলীর স্ত্রী।
নিহতর স্বামী রুস্তম আলী জানান, ছেলে-মেয়ের ঈদের নতুন জামা কিনা-কাটার জন্য মা তার মেয়ে উর্মিকে নিয়ে মার্কেটে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে তার জন্য। এমন সময় মেয়ে উর্মি দেখে তিনি ইজিবাইক চালিয়ে আসছেন তখন মা-মেয়ে দুইজন রাস্তা পার হওয়ার সময় পিছন থেকে একটি বালু বোঝাই ড্রাম ট্রাক এসে ধাক্কা দেয়।
পরে রাস্তার দুই পাশে মা-মেয়ে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলে মা রিনা বেগম মারা যায়। আর মেয়ে ঊর্মি গুরুতর আহত হয়। মেয়েকে তিনি দ্রুত উদ্ধার করে স্থানীয় আল রাফি হাসপাতালে নিয়ে আসেন। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি নিয়ে যান। এসময় উর্মির চিকিৎসার জন্য আল রাফি হাসপাতাল ও সাংবাদিক বিপ্লব হাসান আর্থিক সহযোগিতা করেন তাকে। এদিকে নিহতর লাশটি হাইওয়ে পুলিশ উদ্ধার করে তাদের স্বজনদের হাতে তুলে দেয়।


