সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতন এবং বোনাসের দাবিতে সড়ক অবরোধ, অগ্নিসংযোগ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ০৭:০২ পিএম
সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতন এবং বোনাসের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের শ্রমিকরা। এসময় তারা রাস্তায় অগ্নিসংযোগ করে। এতে প্রায় ১ ঘন্টা রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকে। মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে শিমরাইল- ডেমরা সড়ক অবরোধ করে তারা এ কর্মসূচী পালন করে।
এসময় শ্রমিকরা তাদের বকেয়া বেতন যথাসময়ে বুঝিয়ে দেয়ার দাবির পাশাপাশি বোনাসের দাবি জানান। পরবর্তীতে শিল্পাঞ্চল পুলিশ এবং সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেন। বিকেল ৬ টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা জানান, এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের ৫ থেকে ৬শ শ্রমিক কাজ করে।
কারও দুই মাস আবার কারও তিন মাসের বেতন পাওনা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত এক শ্রমিক জানান, এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের ২০১৭ সাল থেকে তাদের ওভারটাইমের বেতন পরিশোধ করছে না। এছাড়া তাদের তিন মাসের বকেয়া বেতন দেওয়ার কথা মালিক কর্তৃপক্ষ বললেও এখনো পর্যন্ত তারা কোনো শ্রমিকেরই বেতন বুঝিয়ে দেয় নি।
রাবেয়া খাতুন নামে এক নারী শ্রমিক জানান, বোনাস তো দূরের কথা মালিক কর্তৃপক্ষ তাদের বকেয়া বেতনই দিচ্ছে না। বেতন না পাওয়ায় তারা কষ্টে দিন কাটাচ্ছে। কষ্টের কথা মালিকপক্ষকে বারবার জানিয়েও কোনো লাভ হচ্ছে না। তাই বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে আন্দোলন করতে হচ্ছে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান,
বিকেলের দিকে শ্রমিকরা আন্দোলন করলে আমরা রাস্তা থেকে তাদেরকে সরিয়ে দেই। যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে আমাদের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান ওসি মশিউর। নারায়ণগঞ্জ শিল্প পুলিশের (অঞ্চল ৪) পুলিশ সুপার আসাদুজ্জামান জানান,
বোনাসের দাবিতে এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের শ্রমিকরা বিকেল ৪.৩০ এর দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে যানজটের সৃষ্টি হলে বুঝিয়ে আমরা শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেই। শ্রমিকরা যেন আবারও কোনো প্রকার বিশৃঙ্খলা না করতে পারে সেজন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


