ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে ঘরমুখো যাত্রীদের চাপ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২, ০৪:৪৪ পিএম
ঈদের আর চারদিন বাকি থাকতেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে যাত্রীদের চাপ। তবে যান চলাচল এখনও স্বাভাবিক রয়েছে।মহাসড়কে অনেক যাত্রীকেই যানবাহনের জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। এদিকে যানবাহন মালিকদের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায় করার অভিযোগ করছে যাত্রীরা। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে সরেজমিনে গিয়ে এমনই দৃশ্য চোখে পড়ে।
আজ থেকে অফিস আদালত বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগ এড়াতে আজই মানুষ গ্রামের দিকে ছুটছেন। সেজন্য সন্ধ্যার পর থেকেই যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ভাড়া কিছুটা বেশি গুনতে হলেও মানুষ সন্ধ্যার পর থেকেই গন্তব্যস্থলে পাড়ি জমাচ্ছেন। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, চিটাগাংরোড থেকে কুমিল্লার ১৮০ টাকার ভাড়া ২২০ টাকা করে নিচ্ছে।
এছাড়া চিটাগাংরোড থেকে চট্রগ্রামের ভাড়া ৫৮০ টাকার পরিবর্তে ৬৫০ টাকা করে নিচ্ছে। তবে বাসের হেল্পাররা বেশি ভাড়া নেওয়ার বিষয়টি অস্বীকার করছেন। কিছু বাসের হেলপাররা বেশি ভাড়া নেওয়ার কথা স্বীকার করলেও তারা ঈদের অজুহাত দেখাচ্ছে। তারা জানান, বছরে এই কয়েকটা দিনই আমরা একটু বেশি ভাড়া নেই। যা যাত্রীদের সাধ্যের মধ্যেই।
ঢাকা থেকে আসা এনা পরিবহনের যাত্রী মেহেদী হাসান সৈকত জানান, ‘ঈদের ছুটিতে বাড়ি ফিরছি। অন্য বছরের চেয়ে এবছর একটু বেশি ভালো লাগছে। আসতে দেখলাম সড়কের অনেক পুলিশ ডিউটি করছে। অতিরিক্ত পুলিশ থাকায় যানবাহন চালকরা সড়কে সুশৃঙ্খলভাবে চলাচল করছে। তবে ভাড়া একটু বেশি গুনতে হয়েছে বলে জানান তিনি।
সালাম মিয়া নামে এক যাত্রী জানান, নির্ধারিত ভাড়ার বেশি টাকা নেওয়ায় আমাদের মতো মধ্যবিত্তদের জন্য অনেকটা কষ্টকর বিষয়। গ্রামে তো যেতেই হবে, তাই বেশি ভাড়া দিয়েই যেতে বাধ্য হচ্ছি। আফসানা আক্তার নামে এক যাত্রী জানান, ফেনী যাওয়ার জন্য আমি ৩০ মিনিট ধরে শিমরাইল মোড়ে দাড়িয়ে আছি। এখনো বাসের কোনো খবর নেই।
তীব্র গরমে এভাবে রাস্তায় আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহই জানে? কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নবীর হোসেন বলেন, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি নিরসনে আমরা কাজ করে যাচ্ছি। প্রতিটি পয়েন্টে আমাদের পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি হোন্ডা পার্টি, মোবাইল টিম, সাদা পোশাকে পুলিশ থাকছে। আশা করছি এবারের ঈদযাত্রা সবার ভালো হবে।


