সোনারগাঁয়ের নয়ন হত্যা মামলায় ১৯ আসামি কারাগারে
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৩ মে ২০২২, ১০:১৫ পিএম
সোনারগাঁয়ে নয়ন হত্যা মামলার ১৯ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১২ মে) দুপুরে জেলা ও দায়রা জজ মুন্সি মশিউর রহমানের আদালত এই আদেশ দেন। আসামিরা হলেন- বাদল, আমিনুল হক, সজিব, প্রান্ত, সানি, সাদিকুল, সুজন, বাবু, আবুল, সুমন, মাছুম হোসেন, আবু সিদ্দিক, জামাল,
শাহ পরান শুভ, ওমর, জহিরুল, মাজহারুল, কামাল, মুকুল। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান। তিনি জানান, আসামিরা আগাম জামিনে ছিলেন। তারা পুনজামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট
খোকন সাহা। বাদীপক্ষে ছিলেন সাবেক পিপি ওয়াজেদ আলী খোকন ও অ্যাডভোকেট সোলেমান পারুল। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মনিরুজ্জামান বুলবুল। উল্লেখ্য, উপজেলার সনমান্দি ইউনিয়ন পরিষদে ২৮ নভেম্বর তৃতীয় ধাপের নির্বাচনে দেলোয়ার হোসেন ও মো. ফিরোজ আহমেদ প্রতিদ্বন্দ্বীতা করেন।
নয়ন মো. ফিরোজ আহমেদের সমর্থক ছিলেন। নির্বাচনে তিনি পরাজিত হন। পরে নয়নকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র ও টেঁটাবিদ্ধ করে হত্যা করে তার মরদেহ সনমান্দী ইউনিয়নের সাজালেরকান্দী ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফেলে যায়। পরদিন পুলিশ মরদেহ উদ্ধার করে।


