কুতুবপুরের নন্দলালপুরে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৬ মে ২০২২, ০৫:৪৭ পিএম
ফতুল্লার কুতুবপুরের নন্দলালপুরে ছাত্রদলের দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এসময় একটি গ্রুপের তোপের মুখে পড়েন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পান্না মোল্লা। নেতাকর্মীরা ফতুল্লা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান দোলনকেও উপর্যুপুরি চড়থাপ্পড় মারে। একপর্যায়ে পান্না মোল্লা দোলনকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। রোববার(১৫ মে) বিকেলে ফতুল্লার নন্দলালপুরস্থ বি,এন,পি নেতা পান্না মোল্লার বাংলায় এই সংঘর্ষের সূত্রপাত হয়।
জেলা ছাত্রদলের সহসভাপতি সাঈদ রেজা খান গ্রুপের সাথে আরেক সহসভাপতি আরএইচ জেনি, ইমরান হিমু ও নাইম মাহমুদ গ্রুপের মধ্যে ওই সংঘর্ষ হয়। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদকে ঢাকায় ছুরিকাঘাতের প্রতিবাদে নন্দলালপুরে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পান্না মোল্লার আয়োজিত সমাবেশে ওই ঘটনা ঘটে।
জানা যায়, উভয় গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ছিল। দলীয় রাজনীতিতে অবদান ও পদের হিসেবনিকেশকে কেন্দ্র করেই ওই দ্বন্দ্বের সূত্রপাত। সম্প্রতি ঘোষিত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে সাঈদ রেজা, ইমরান হিমু, আরএইচ জেনিকে সহসভাপতি পদে রাখা হয়। এ নিয়ে ক্ষোভ রয়েছে সাঈদ রেজা ও তার অনুসারীদের মধ্যে।
তাদের দাবি, মাঠের রাজনীতিতে কোনোপ্রকার অবদান না রেখেই হিমু, জেনি পদ পেয়েছেন৷ অন্যদিকে হিমু- জেনির দাবি, তারাও দীর্ঘদিন ছাত্রদলের সাথে জড়িত। ওই দ্বন্দ্বে উঠে আসে সমাবেশে। আর সংঘর্ষ শুরু হওয়ার পরে অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।


