ফেসবুকে কিশোর গ্যাং হামলার ভিডিও ভাইরাল, সন্ত্রাসী গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৬ মে ২০২২, ০৫:৫৬ পিএম
দেশীয় তৈরি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কিশোর গ্যাং সদস্যদের হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার ঘটনায় নোয়াস নামে এক সন্ত্রাসীকে শনিবার (১৪ মে) রাতে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
এর আগে হামলার শিকার ফতুল্লা থানার দেওভোগ পানির ট্যাংকি এলাকার তাইজুল ইসলামের ছেলে মিরাজুল ইসলাম দিপু বাদী হয়ে শনিবার সন্ধ্যায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন- জেলার সদর থানার নন্দিপাড়ার অভি (২০),
শামীম (১৮), নোয়াস (২২), সিয়াম ওরফে ভেরা সিয়াম (১৯), তুহিন (২২), পিতা- অজ্ঞাত, আশিক (১৮), রাজু (২২), মেরাজ (১৯) সহ অজ্ঞাতনামা আরো ৭-৮ জন। এজাহারনামীয় আসামিদের মধ্যে পুলিশ শনিবার মধ্যরাতে নোয়াসকে গ্রেফতার করেছে। মামলায় বাদী বলেন, ১১ মে দুপুর আড়াইটার দিকে অভিযুক্ত আসামিরা দেশীয় তৈরি অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ফতুল্লা থানা সীমান্তের দেওভোগ পানির ট্যাংকি এলাকার রাস্তার পাশের বাসা বাড়ি ও দোকান পাটের শাটারে এলোপাথারিভাবে কোপাতে থাকে।
এমতাবস্থায় বাদী হামলাকারীদের বাধা প্রদান করলে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। বাদীকে রক্ষার্থে তার ভাই খোকন ও নিকটাত্মীয় শামীম এগিয়ে এলে তাদেরকে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। হামলাকারীর বাদীর নিকট থেকে ২৭৫০ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় আহতরা আত্নরক্ষার্থে ডাক চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম জানান, গত দুদিন পূর্বে একটি বাহিনীর হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই হামলার ঘটনা মামলা হয়েছে। হামলার ঘটনায় করা মামলার এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরকেও গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।


