Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে পিকআপ ভর্তি সূতা লুট

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২২, ০৬:০৩ পিএম

আড়াইহাজারে পিকআপ ভর্তি সূতা লুট
Swapno

আড়াইহাজারে মিনিবাস দিয়ে পিকআপভ্যানের গতিরোধ করে প্রায় পাঁচ লাখ টাকার সূতা লুটের ঘটনা ঘটেছে। অনেক খোঁজাখুজি করে না পেয়ে গতকাল এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এর আগে ১০ মে রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বান্টি এলাকায় এই ঘটনা ঘটে। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত পুলিশ সূতাগুলো উদ্ধার করা বা অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি।

 

মাধবদী এলাকা থেকে সূতা নিয়ে রূপগঞ্জ তারাবো পৌরসভাধীন খালপাড় বরাবো এলাকায় অবস্থিত ‘মেসার্স সুমাইয়া টেক্সটাইল’ নামে একটি প্রতিষ্ঠানে সূতা ভর্তি পিকআপভ্যানটি যাচ্ছিল। স্থানীয় বান্টি এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্ত মিনিবাস দিয়ে গাড়ীর গতিরোধ করে চালক ও ম্যানেজারকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এক পর্যায়ে তাদের হাত-পা ও মুখ বেঁধে মিনিবাসে করে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়।

 

পরে তারা নরসিংদীর পলাশ উপজেলার বাটপাড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনের পাশে ঢালে তাদের ফেলে সূতা ভর্তি গাড়ীটি নিয়ে চলে যায়। পরে তারা নির্মাণাধীন ভবনের নৈশপ্রহরীর সহযোগিতায় সুমাইয়া টেক্সটাইল মিল কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। গতকাল বিকালে পিকআপভ্যানের সন্ধান পেলেও লুট হওয়া সূতাগুলো উদ্ধার হয়নি।

 

এ সময় ম্যানেজারের কাছ থেকে ৭ হাজার টাকাও লুট করা হয়। প্রতিষ্ঠানের মালিক নুর আলম মোবাইল ফোনে বলেন, দ্রুত সময়ের মধ্যে সূতাগুলো উদ্ধারের দাবী করছি। তিনি বলেন, রাস্তায় রাতে চলাচলে কোন নিরাপত্তা নেই। আমরা কিভাবে ব্যবসা-বাণিজ্য করব। ঢাকা-সিলেট মহাসড়কের বান্টি এলাকাসহ বিভিন্ন স্থানে প্রায় সময় গাড়ীর গতিরোধ করে দুর্বৃত্তরা মালামাল লুটে নেয়।

 

পুলিশ কিছুই করতে পারে না। এদিকে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, এ ঘটনায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সূতাগুলো উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন