রূপগঞ্জে ছিনতাইকারীর হাতে কুরবান আলী (৩০) নামে এক ইজিবাইক চালক খুন হয়েছে। মঙ্গলবার (১৭ মে) ভোর ৫ টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ৭নংওয়ার্ড নাসিংগল মসজিদ এলাকার ডোবার পাশ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত কুরবান আলী (৩০) হলেন, তারাবো পৌরসভার নোয়াপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে।
পুলিশ জানায়, ইজিবাইকে যাত্রীবেশে ছিনতাইকারীরা উঠে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা করলে চালক বাঁধা দিতে গিয়ে প্রাণ হারায়। পরে ছিনতাইকারীরা তাকে ফেলে রেখে চলে যায়।
মঙ্গলবার ভোরে ফজরের নামাজে যাওয়ার পথে মুসল্লিরা মুড়াপাড়া ইউনিয়নের ৭নংওয়ার্ড নাসিংগল মসজিদ এলাকার ডোবার পাশে অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
এসময় ঘটনাস্থল থেকে একটি ইজিবাইকও উদ্ধার করা হয়। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফএম সায়েদ বলেন, লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।


