রূপগঞ্জে সরকারি রাস্তা কাটার সময় গ্রেপ্তার ১
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২২, ০৮:৩৩ পিএম
রূপগঞ্জে অনুমতি ছাড়া অবৈধভাবে সরকারি রাস্তা কেটে ড্রেজারের পাইপ স্থাপনের সময় আনিছ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার সকালে উপজেলার প্রকৌশলী আশরাফুল ইসলাম বাদী হয়ে এ ঘটনায় একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত আনিছ পাশবর্তী সোনারগাঁও থানার ফোরগাঁও এলাকার হযরত আলীর ছেলে। উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, একটি চক্রকে ড্রেজারের পাইপ স্থাপনের জন্য এলজিইডির অধীনে রূপসী-কাঞ্চন সড়কের মঙ্গলখালী এলাকার রাস্তা অবৈধভাবে কাটছিল বলে তিনি খবর পান। পরে তিনি বিষয়টি সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামকে জানান।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম, আশরাফুল ইসলাম ও রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তার কাটার ঘটনার সত্যতা পান। এসময় অবৈধভাবে রাস্তার কাটার অভিযোগে আনিছ নামে এক যুবকে গ্রেপ্তার করা হয়।
রাস্তা কাটার সঙ্গে সম্পৃক্ত বাকীরা পালিয়ে যায়। স্থানীয়রা জানান, স্থানীয় এক মহিলা জনপ্রতিনিধির হুকুমে আনিছসহ অজ্ঞাত কয়েকজন মিলে অবৈধভাবে রাস্তা কেটে ড্রেজারের পাইপ স্থাপন করছিল। যার হুকুমে অবৈধভাবে রাস্তা কাটা হচ্ছিল তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান স্থানীয়রা।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত বাকীদের তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।


