Logo
Logo
×

নগরের বাইরে

বাজারে উঠেছে সোনারগাঁয়ের লিচু, এবার ফলন বেশি

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২২, ০৯:০৩ পিএম

বাজারে উঠেছে সোনারগাঁয়ের লিচু, এবার ফলন বেশি
Swapno

প্রাচীন বাংলার রাজধানী নারায়ণগঞ্জের সোনারগাঁও লিচুর জন্য বিখ্যাত। সোনারগাঁয়ের আবহাওয়া লিচু চাষের জন্য উপযোগী হওয়ার কারণে এখানকার লিচু আগে পেকে যায়। 

 

এর ফলে সোনারগাঁয়ের লিচু বাজারে আগাম আসে বলে দেশের অন্যান্য অঞ্চলের লিচুর তুলনায় সোনারগাঁয়ে লিচুর কদর একটু বেশি হয়ে থাকে। তাই প্রতিবছরের মে মাসের প্রথমদিকেই বাজারে লিচু বিক্রির জন্য নিয়ে যান চাষিরা। রাজশাহী দিনাজপুরের লিচু আসার আগমুহুর্ত পর্যন্ত সোনারগাঁয়ের লিচুর দখলেই থাকে বাজার। মূলত সোনারগাঁয়ের লিচু দিয়েই শুরু হয় লিচুর মৌসুম।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, লিচু চাষিরা এখনো গাছ থেকে লিচু সংগ্রহ ও আটি বাধতে ব্যস্ত সময় পার করছেন। বাগানে গাছে গাছে ঝুলছে থোকা থোকা লিচু। এ সৌন্দর্য উপভোগ করতে ভীড় করছে অনেকই। বিভিন্ন এলাকার পাইকাররা লিচু কেনার জন্য ভীড় করছে বাগানগুলোতে। সোনারগাঁয়ে বর্তমানে কদমী, মোজাফফরপুরী, চায়না-৩, এলাচি ও পাতি এই পাঁচ ধরনের লিচুর চাষ হয়ে থাকে।

 

এগুলো লিচু বাজারে বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। বাজারে বর্তমানে ১০০ কদমি লিচু ৪৫০ থেকে ৫৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাতি লিচু ৩০০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

 

সোনারগাঁ উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, সোনারগাঁ পৌরসভা, বৈদ্যেরবাজার, মোগরাপাড়া, বারদী, সনমান্দি ও সাদিপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রায় তিন শতাধিক লিচু বাগান রয়েছে। তবে পৌরসভার সরদার বাড়ী, 

 

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, দুলালপুর, বাড়ী মজলিশ, দীঘিরপাড়, পানাম, অর্জুন্দি, বাগমুছা, দত্তপাড়া, গোবিন্দপুর, হাতকোপা, দরপত, ছাপেরবন্ধ, গোয়ালদী, টিপরদী, হরিষপুর, ইছাপাড়া, চিলারবাগ, কৃষ্ণপুরা, হাঁড়িয়া, পানাম গাবতলী, ষোলপাড়া ও ভট্টপুর এলাকায় উৎকৃষ্টমানের লিচুর চাষ হয়।

 

সাইফুল ইসলাম নামে এক লিচু বাগান মালিক জানান, সোনারগাঁয়ে বিভিন্ন প্রজাতির লিচুর চাষ হলেও কদমী লিচু চাষে অধিক লাভবান হওয়া যায়।ব্যবসায়ী মুকুল মিয়া বলেন, লিচুর ফলন না দেখেই বাগান মালিকের কাছ থেকে ক্রয় করে থাকি। লিচু ব্যবসায়ীরা ভাগ্যের ওপর নির্ভর করে লিচু ব্যবসা করেন। এ বছর ফলন ভালো হয়নি। তুলনামূলকভাবে সোনারগাঁয়ের লিচু বেশ দাম থাকবে।

 

লিচু কিনতে আসা হুমায়ন কবির নাম এক ক্রেতা জানান, অন্যান্য এলাকার লিচুর চেয়ে সোনারগাঁয়ের লিচু আকারে বড় ও সুস্বাদু হওয়ায় এখানকার লিচুর চাহিদা বেশি। এছাড়া এখানে পাইকারী দামে লিচু কিনতে পাওয়া যায় তাই প্রতিবছর এখানে আসা।

 

সোনারগাঁ উপজেলা কৃষি কর্মকর্তা মনিরা আক্তার জানান, সোনারগাঁয়ের ১০০ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। গতবছরের তুলনায় এ বছর সোনারগাঁয়ের লিচুর বেশ ভালো ফলন হয়েছে। লিচুর বাগান মালিক ও মৌসুমী ব্যবসায়ীরা এবার বেশ লাভবান হবে এমনটাই আশা করছেন তারা।

 

তিনি আরো বলেন, আমরা লিচু বাগান মালিকদের বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করে যাচ্ছি। লিচুর মুকুল আসার পর পরই গাছের গোড়ায় পানি দেয়াসহ বাগানে কীটপতঙ্গ, মাকড়সা দূর করার জন্য বালাইনাশক স্প্রে করা সহ গাছ ও মুকুলের যত্ন নেয়ার বিষয়ে গাছ মালিকদের সঠিক পরামর্শ দেওয়া হয়েছে।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন