আমপাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৪
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২১ মে ২০২২, ০৭:০৩ পিএম
# রূপগঞ্জের সদর ইউনিয়নের বিংরাবো এলাকায় এই ঘটনা ঘটে
রূপগঞ্জে গাছের আম পারাকে কেন্দ্র করে দু‘পক্ষের সংঘর্ষে জয়দেব (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন। শুক্রবার (২০ মে) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিংরাবো এলাকায় ঘটে এ ঘটনা। নিহত জয়দেব হলেন, উপজেলা সদর ইউনিয়নের বিংরাবো এলাকার মৃত সুধনের ছেলে।
আহতরা হলেন, নিহত জয়দেবের স্ত্রী মনজু (৪০) ও তার তিন মেয়ে তৃষ্ণা (২৬), টুম্পা (২৪), সানজিদা (২২)। নিহতের পরিবারসূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বিংরাবো এলাকার জয়দেবের পৈত্রিক বাড়ি-ঘর না থাকায় একই এলাকার সুনীল চন্দ্র বিশ্বাসের বাড়িতে তিনি পরিবার নিয়ে বসবাস করতেন এবং তার বাড়ি-ঘর ও গাছপালা দেখাশুনাসহ বাড়ির পাশের জমিতে ফসল ফলিয়ে বাজারে বিক্রি করে সংসার চালাতেন।
শুক্রবার (২০ মে) বিকালে বাড়ির আম গাছে উঠে একই এলাকার মাহাবুবুর রহমানের ছেলে সিয়াম ও জুনায়েত আম পাড়ছিল। জয়দেব তাদেরকে আম পারতে নিষেধ করায় সিয়ামের সাথে জয়দেবের বাকবিতন্ডা হলে সিয়ামের বাবা মৃত নুরা মিয়ার ছেলে মাহাবুবুর রহমান (৪৫) ও মা রুকি (৩৫), ছোট ভাই জুনায়েত, চাচাতো ভাই মুরাদ ছুটে এসে জয়দেব ও তার পরিবারের সাথে সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষে জয়দেব গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান। এ বিষয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফএম সায়েদের কাছে জানতে চাইলে তিনি খুনের ঘটনাটি স¦ীকার করে বলেন, বিংরাবো এলাকায় গাছের আম পারাকে কেন্দ্র করে একটি খুনের ঘটনা ঘটেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।


