বিএনপি নেতার ভাতিজার হাত থেঁতলে দিল ছাত্রলীগ
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২ মে ২০২২, ০৯:০১ পিএম
রূপগঞ্জ উপজেলার ভুলতায় বিএনপি নেতাকে না পেয়ে ইট দিয়ে তার ভাতিজার হাত থেতলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে প্রথমে সম্মেলনস্থল ও পরবর্তীতে বিএনপি নেতাদের বাড়িতে দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার (২১ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি। রবি জানান, ভূলতা ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি তরিকুলের বাসায় হামলা চালিয়ে তাকে না পেয়ে তার বড় ভাইয়ের ছেলের দুই হাত ইট দিয়ে থেতলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় স্টীলের আলমারি ভেঙে নগদ ৫০ হাজাট টাকা ও প্রায় ১৭ ভরি স্বর্ন লুট করে নিয়ে যায় তারা।
এর আগে শনিবার সকালেই ভূলতায় পূর্বনির্ধারিত জায়গায় সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন করেন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। সম্মেলন শুরু হওয়ার ঠিক আগ মুহুর্তে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালায়।
এসময় তারা সম্মেলনের জন্য তৈরি করা স্টেজ, প্যান্ডেল ভাংচুর করে। হামলা ভাংচুরের পর ব্যানার ফেস্টুনসহ বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এর পরপরই ভুলতা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে কয়েক দফা হামলা চালায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।


