রূপগঞ্জে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৫ মে ২০২২, ০৮:২৪ পিএম
রূপগঞ্জে অভিযান চালিয়ে পৃথক দু’টি হত্যা মামলার এজাহারনামীয় দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১। মঙ্গলবার (২৪ মে) উপজেলার গোলাকান্দাইল ও ভুলতা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দু’জন হলেন- গোলাকান্দাইল এলাকার মিছির আলীর ছেলে মাসুম মিয়া (২৮) ও ভুলতা লাবরাপাড়া এলাকার মৃত রফিক প্রধানের ছেলে আমজাদ হোসেন (৫০)।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার রিজওয়ান সাঈদ জানান, গত বছরের ২ আগস্ট গোলাকান্দাইলের দক্ষিণপাড়া নতুনবাজার এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে মাহাবুব হোসেন সানি নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়।
এই মামলার এজাহারনামীয় আসামি মাসুম মিয়া। অন্যদিকে চলতি বছরের ২৮ এপ্রিল মারধর ও জোর করে বিষ পান করিয়ে গৃহবধূ হত্যা মামলার আসামি ছিলেন আমজাদ। উভয় আসামিই দীর্ঘদিন পালিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব।


