Logo
Logo
×

নগরের বাইরে

চাঁদা না দেয়ায় বাধা, অটো চালকদের রাস্তা অবরোধ

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২২, ০৭:১৫ পিএম

চাঁদা না দেয়ায় বাধা, অটো চালকদের রাস্তা অবরোধ
Swapno

সিদ্ধিরগঞ্জে আদমজী-চাষাড়া সড়কে অটো চলাচল করতে না দেওয়ায় রাস্তা অবরোধ করে আন্দোলন করেছে অটো চালকরা। ফলে ঐ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং প্রায় চার কিলোমিটার রাস্তা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে অফিসগামী চাকুরীজীবিসহ বিভিন্ন গার্মেন্টের শ্রমিকরা।

 

মঙ্গলবার (৩১ মে) সকালে সিদ্ধিরগঞ্জের আদমজী-চাষাড়া সড়কে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়। নারায়ণগঞ্জের এ সড়কটিতে ইজিবাইক ও ব্যাটারী চালিত রিক্সা চলাচলে কোন শৃঙ্খলা না থাকায় প্রতিনিয়ত যানজট লেগেই থাকত। অটোচালকদের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যানজট মুক্ত করতে কাজ করায় আইনশৃঙ্খলা বাহিনীকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।

 

সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত রাস্তা অবরোধ করায় প্রায় তিন ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এসময় তারা লাঠিসোটা নিয়ে রাস্তায় অবস্থান করে এবং রাস্তায় অগ্নিসংযোগ করে। এতে করে গার্মেন্ট শ্রমিক, চাকুরীজীবি, শিক্ষার্থীদের পায়ে হেটে গন্তব্যস্থলে যেতে দেখা গেছে।

 

রুবেল মিয়া নামে এক অটো চালকের সঙ্গে কথা বলে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে এ রাস্তায় অটো চালিয়ে জীবিকা নির্বাহ করে। কয়েকদিন ধরে র্যাবের সদস্যরা আমাদের মেইন রোডে অটো নিয়ে চলাচল করতে দিচ্ছে না। মেইন রোডে অটো চলাচল করতে না দিলে আমরা আমাদের পরিবার নিয়ে কীভাবে চলবো।

 

আব্দুস সামাদ নামে এক অটো চালক জানান, রাস্তায় অটো চালাতে গেলে প্রশাসনের লোক থেকে শুরু করে ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতাদের চাঁদা দিতে হয়। এছাড়া বিভিন্ন পয়েন্টে বা স্ট্যান্ড এর লাইন ম্যানকে টাকা দিতে হয়। এই ভাবে বিভিন্ন জায়গায় চাঁদা দিতে দিতে আমরা অতিষ্ঠ হয়ে গেছি।

 

  আমরা সরকারের সব বিল পরিশোধ করি তাও আমাদের মেইন রোডে চলাচল করতে দিচ্ছে না। অটো নিয়ে মেইন রোডে উঠলেই তারা আমাদের সিদ্ধিরগঞ্জ লেকের রাস্তা দিয়ে চলাচল করতে বলে। লেকের পাশে যে সড়ক রয়েছে সে সড়কের কাজ এখনো সম্পূর্ণ শেষ হয়নি। তাই ওই রাস্তায় অটো নিয়ে চলাচল করা সম্ভব না। যদি ওই রাস্তাটা গাড়ি চলাচলের জন্য উপযুক্ত করে দেয় তাহলে আমাদের আর কোনো আপত্তি নেই।

 


এদিকে অবরোধে দীর্ঘক্ষণ ধরে বসে থাকা জব্বার মিয়া নামে এক ট্রাক ড্রাইভার জানান, সকাল থেকে তারা একই জায়গায় বসে আছে। রাস্তা বন্ধ থাকায় তারা কোনো মালামাল নিয়ে সড়কে চলাচল করতে পারছে না।

 

ভোগান্তিতে পড়া আজিজুল হাকিম নামে এক কলেজ শিক্ষার্থী জানান, সকালে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম। কিন্ত রাস্তা বন্ধ থাকায় বাসায় চলে যাচ্ছি।


এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক বলেন, অটোচালকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে। এখন থেকে মেইন রোডে অটো চলাচল করতে হলে সুশৃঙ্খলভাবে চলাচল করতে হবে। কোনোরকম বিশৃঙ্খলা করে রাস্তায় যানজটের সৃষ্টি করা যাবে না।


র্যাব - ১১’র অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা জানান, আমরা কোনো অটো চালককেই অটো চলাচল বন্ধ করতে বলিনি। তারা অবশ্যই অটো চালাবে। কিন্তু নিয়ম মেনে চালাতে হবে। বিবি/জেসি 


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন