Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে অটোরিক্সা চলাচলে বাধা দেয়ার প্রতিবাদে চালকদের রাস্তা

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২২, ০৯:০৬ পিএম

সিদ্ধিরগঞ্জে অটোরিক্সা চলাচলে বাধা দেয়ার প্রতিবাদে চালকদের রাস্তা
Swapno

সিদ্ধিরগঞ্জের ব্যস্ততম শিমরাইল-আদমজী-চাষাড়া সড়কে ব্যাটারী চালিত অটোরিক্সা চলাচল করতে না দেওয়ার প্রতিবাদে রাস্তা অবরোধ করে আন্দোলন করেছে চালকরা। এতে সড়কে প্রায় ৪ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়ে কর্মস্থলগামী চাকরীজীবিসহ বিভিন্ন শিল্প-কারখানার শ্রমিকরা।

 

মঙ্গলবার (৩১ মে) সকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল-আদমজী-চাষাড়া সড়কে বিক্ষুব্দ চালকরা রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানায়। এসময় তারা লাঠিসোটা নিয়ে রাস্তায় অবস্থান করে এবং রাস্তায় অগ্নিসংযোগ করে। এতে করে গার্মেন্টস শ্রমিক, চাকুরীজীবি, শিক্ষার্থীদের পায়ে হেটে যেতে দেখা গেছে। সকাল ৭ টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখায় প্রায় ৩ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ আন্দোলনকারীদের বুঝিয়ে রাস্তা থেকে সড়িয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

 

আন্দোলনকারী অটো চালকরা জানান, তারা দীর্ঘদিন ধরে এ রাস্তায় অটো চালিয়ে জীবিকা নির্বাহ করে। কয়েকদিন ধরে র‌্যাবের সদস্যরা তাদের মেইন রোডে অটো নিয়ে চলাচল করতে দিচ্ছে না। মেইন রোডে অটো চলাচল করতে না দেয়ায় প্রয়োজনীয় উপার্জন সম্ভব হচ্ছেনা। অটো নিয়ে মেইন রোডে উঠলেই তারা আমাদের সিদ্ধিরগঞ্জ লেকের রাস্তা দিয়ে চলাচল করতে বলে। লেকের পাশে যে সড়ক রয়েছে সে সড়কের কাজ এখনো সম্পূর্ণ শেষ হয়নি।

 

তাই ওই রাস্তায় অটো নিয়ে চলাচল করা সম্ভব না। যদি ওই রাস্তাটা গাড়ি চলাচলের জন্য উপযুক্ত করে দেয় তাহলে আমাদের আর কোনো আপত্তি নেই। অপরদিকে, অবরোধে দীর্ঘক্ষণ ধরে বসে থাকা জব্বার মিয়া নামে এক ট্রাক ড্রাইভার জানান, সকাল থেকে তারা একই জায়গায় বসে আছে। রাস্তা বন্ধ থাকায় তারা কোনো মালামাল নিয়ে সড়কে চলাচল করতে পারছে না।

 

ভোগান্তিতে পড়া আজিজুল হাকিম নামে এক কলেজ শিক্ষার্থী জানান, সকালে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম। কিন্তু রাস্তা বন্ধ থাকায় বাসায় চলে যাচ্ছি। এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক বলেন, অটোচালকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে। এখন থেকে মেইন রোডে অটো চলাচল করতে হলে সুশৃঙ্খলভাবে চলাচল করতে হবে। কোনোরকম বিশৃঙ্খলা করে রাস্তায় যানজটের সৃষ্টি করা যাবে না। র‌্যাব-১১'র অধিনায়ক লে.কর্ণেল তানভীর মাহমুদ পাশা জানান, আমরা কোনো অটো চালককেই অটো চলাচল বন্ধ করতে বলি নি। তারা অবশ্যই অটো চালাবে। কিন্তু নিয়ম মেনে চালাতে হবে।এমই/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন