Logo
Logo
×

নগরের বাইরে

নান্নুর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

Icon

নীরব প্রকাশ

প্রকাশ: ০২ জুন ২০২২, ০৬:৪০ পিএম

নান্নুর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
Swapno

# নান্নুর স্ত্রী বিউটিও প্রকাশ্যে অকথ্য ভাষায় গালি-গালাজ করেন : সিএনজি চালক
# নির্বাচন আসলেই বিতর্কিত আলোচনার জন্ম দেন নান্নু
# কিছু চালক আমার মান-হানি ঘটানোর জন্য মিথ্যে নাটক সাজিয়েছে:  নান্নু

 

ভোটের রাজনীতিতে উত্তাপ ছড়ানোই যেন সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর কাজ। গত ২ জানুয়ারি অর্থাৎ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের কিছুদিন আগে নির্বাচনী প্রচারণা চলাকালীন সময় চাঁদা দেওয়া না দেওয়ার বিষয়ে ভাইরাল হওয়া একটি বিতর্কিত ফোনালাপের মাধ্যমে আলোচনায় উঠে আসেন যুবলীগ নেতা নান্নু।

 

এবার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের পূর্ব মুহুর্তে আরেকটি বিতর্কিত ঘটনায় আবারো আলোচনায় উঠে আসলেন সেই নান্নু। এবার তার বিরুদ্ধে স্থানীয় সিএনজি ও অটো চালকদের কাছ থেকে চাঁদা না পেয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে রাস্তা অবরোধসহ বিক্ষোভ করেছেন ভুক্তভোগী চালকরা।


 
আগের ঘটনায় সিটি নির্বাচন চলাকালীন সময় নির্বাচন উপলক্ষে রফিকুল ইসলাম নান্নুর কাছে আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা চাঁদা চেয়েছিলেন বলে জানিয়েছিলেন তিনি। সে সময় নান্নু বলেন, ‘উনার কাছে (ঐ প্রভাবশালী নেতার) কখনই মক্কেল ছিলাম না আমি। উনি নির্বাচন করবে তাই চেয়েছে। উনার সাথে আমার কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। ছোট ভাই বড় ভাই এমন কোনো যোগাযোগও নেই। উনি অনৈতিকভাবেই টাকা চেয়েছেন আমার কাছে।’ এই ফোনালাপটি ভাইরাল হয়ে পড়লে তখনকার টক অব দ্যা টাউনে উঠে আসে নান্নুর নাম। এবারের মোগরাপাড়া ইউনিয়ন নির্বাচনের পূর্বে আবারও বিতর্কিত আলোচনায় উঠে আসেন নান্নু।


 
সিএনজি ও অটো চালকরা অভিযোগ করেন গতকাল বুধবার সকাল ১১টার দিকে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বেপারী মার্কেটের সামনে রাস্তার উপর যে সিএনজি স্ট্যান্ড আছে সেখানে নাদিম নামের এক সিএনজি চালককে পিটিয়ে আহত করেছে রফিকুল ইসলাম নান্নু। নান্নু বাহিনীর প্রভাবে সেখানে কোন প্রকার প্রতিবাদ করতে সাহস না পেয়ে তারা কাইকারটেক ব্রিজের পূর্ব পার্শ্বের ঢালে কাফরদী এলাকার কাইকারটেক বাজারের সামনের সড়কে প্রায় দুইশত সিএনজি চালক রাস্তার উপর সিএনজি থামিয়ে পুরো রাস্তা প্রায় দুই ঘন্টা অবরোধ করে রাখে। গাড়ি চালকরা এ সময় নান্নুর বিচারসহ শাস্তির দাবি করেন।

 

সিএনজি চালকরা জানান, দীর্ঘ ২ বছর যাবত মোগরাপাড়া চৌরাস্তার সিএনজি স্ট্যান্ডে চাঁদার দাবি করে আসছে রফিকুল ইসলাম নান্নু। এই সময় চালকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষুদ্ধ হয়ে প্রায়ই চালকদের পিটিয়ে আহত করে নান্নু বাহিনী। প্রায়ই নান্নুর স্ত্রী বিউটি প্রকাশ্যে অকথ্য ভাষায় চালকদের গালিগালাজ করেন বলে জানান তারা। উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে নান্নু বাহিনীর জিম্মি থেকে মুক্তি চেয়ে নান্নুর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে র‌্যাব, পুলিশ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন চালকরা।

 


 
তবে গতকালের ঘটনা সম্পর্কে জানতে চাইলে রফিকুল ইসলাম নান্নু জানান, এই ঘটনাটি আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। তিনি জানান, কাইকারটেক ব্রিজের ঐখানে একটি এ্যম্বুলেন্স আটকে পড়ে। এ্যম্বুলেন্সে একটি গুরুতর রোগী ছিল। তখন আমি সেখানে উপস্থিত ছিলাম। সে সময় ব্রিজের সামনে বেশ কয়েকটি সিএনজি এলোমেলোভাবে রাখা ছিল। মানবিক বিবেচনায় আমি সেখানে এগিয়ে গিয়ে চালকদের পিটিয়ে সিএনজি ও অটো ইজিবাইক গাড়িগুলোকে সরিয়ে দেই। এতে ক্ষিপ্ত হয়ে কিছু লোকের মদদে সেখানকার কিছু চালক আমার মান-হানি ঘটানোর জন্য মিথ্যে নাটক সাজিয়েছে।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন