মহাসড়কে মাঠ সংস্করণের নামে ৪৩ লাখ টাকার চাঁদাবাজি
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ জুন ২০২২, ০৯:৫৯ পিএম
সিদ্ধিরগঞ্জে পুলিশকে ম্যানেজ করে বাংলাদেশ ট্রাক-কাভারভ্যান (পিক-আপ) মালিক সমিতির নামে মাঠ সংস্করণ ফি বাবদ বছরে লাখ লাখ টাকা চাঁদা আদায় করা হয় এমন অভিযোগ উঠেছে সেভেন মার্ডারের প্রধান আসামী নূর হোসেনের চাচাতো ভাই দেলোয়ার হোসেনের বিরুদ্ধে। যা পুরোপুরি অবৈধ।
বুধবার (১ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, সিদ্ধিরগঞ্জের শিমরাইলে মোড়ের ট্রাক স্টান্ডে মাঠ সংস্করণ ফি টোকেন দেখিয়ে বের হতে হয় গাড়ী চালকদের। ট্রাক মালিক সূত্রে জানা যায়, শিমরাইল মোড়ের ট্রাক টার্মিনালে আনুমানিক ৪০০টি ট্রাক ও পিকআপ রয়েছে। যেখানে প্রতিটি ট্রাক ও পিকআপ থেকে ৩০ টাকা করে বছরে ৪৩ লাখ টাকার চাঁদা আদায় করে দেলোয়ার হোসেন দেলা ওরফে চাঁদাবাজ দেলু।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ট্রাক চালক জানায়, প্রতিদিন স্ট্যান্ড থিক্কা গাড়ী বাহির করতে গেলেই আগে গোলাপি কালারের কাগজ ধরাইয়া ৩০ টেহা রাইখ্যা দেয়। ডরে ডরে একদিন জিগাইছিলাম কিল্লিগা নেন এই টেহা পরে আমারে কয় স্টান্ডের মাঠ ঠিক করব।
এ বিষয়ে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন জানান, আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তাছাড়া ট্রাক স্টান্ডে মাঠ সংস্করণ করার নামে টিকিট দিয়ে কোন টাকা ওঠানো হয় না বলে দাবী করেন তিনি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান পিপিএম বার জানান, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কোথাও থেকে একটি পয়সাও খায় না। এছাড়া সিদ্ধিরগঞ্জের কোনো চাঁদাবাজদের ঠাই নেই। এই শিমরাইল মোড় থেকে এর আগে যারাই চাঁদাবাজি করেছে আমরা তাদেরকে আটক করে আদালতে পাঠিয়েছি।
এ বিষয়ে র্যাব-১১’র অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা বলেন, শিমরাইল মোড় থেকে পূর্বেও আমরা বেশকিছু চাঁদাবাজকে আটক করেছি। আমাদের এ প্রক্রিয়া চলমান রয়েছে।এমই/জেসি


