সোনারগাঁয়ে বিএনপি কার্যালয়সহ ৫ দোকান পুড়ে ছাই
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২২, ০৮:০১ পিএম
সোনারগাঁ উপজেলার বারদী বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয়সহ ৫টি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত বুধবার রাত সাড়ে ১১ টার দিকে বৈদ্যুৎতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ইউনিয়ন বিএনপি কার্যালয়সহ ৫টি দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। দোকান মালিকদের দাবি আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের পাশে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হঠাৎ করে বৈদ্যুৎতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় বিএনপির কার্যালয়ের পাশে থাকা আবু বকর সিদ্দিক, নাসির উদ্দিন ও আবুল হোসেনের মালামাল রাখার গোডাউনসহ ৫ টি দোকান লাগে।
খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদারের নেতৃত্বে দুটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে মূহুর্তের মধ্যে বিএনপির কার্যালয়ের প্রয়োজনীয় কাগজপত্র, আসবাবপত্র ও দোকানগুলোতে থাকা মোম, আগর বাতি, সন্দেশ, প্লাস্টিকের বিভিন্ন মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকানী আবু বকর সিদ্দিক জানান, এ দোকানটিই তাদের এক মাত্র সম্বল। এ দোকানের আয় দিয়ে তাদের সংসার চলে। শুক্রবার থেকে শুরু হওয়া লোকনাথ বহ্মচারীর তিরোধান উৎসবে বিক্রির জন্য মালপত্র মজুদ করেছিলেন। এগুলো পুড়ে ছাই হয়ে যায়।
সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার জানান, দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুৎতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একটি গোডাউনে প্লাস্টিকের বিভিন্ন মালামাল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন।এমই/জেসি


