নুরে আলম হত্যায় অন্যতম আসামী শাহ্ আলী গ্রেফতার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ জুন ২০২২, ০৭:৪০ পিএম
সোনারগাঁয়ে ক্রিকেট খেলা নিয়ে সৃষ্ট সংঘর্ষে “নুরে আলম” হত্যার ঘটনায় অন্যতম আসামী মোঃ শাহ আলীকে টাংগাইল থেকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (৬ জুন) টাংগাইল জেলার রামনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি ২০২২ তারিখে সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের ফতেহপুর দড়িকান্দি এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে নুরে আলম চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
প্রাথমিক অনুসন্ধান ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন সনমান্দি ফতেহপুর দড়িকান্দি এলাকায় গত ২৫ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার বিকেলে স্থানীয় কুমারচর বনাম গাংকুলকান্দী নামে দু’দলের মাঝে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলাকে কেন্দ্র করে দু’দলের মধ্যে ব্যাপক কথা কাটাকাটি হয়। একপর্যায় খেলা চলাকালীন অবস্থায় আসামী মোঃ শাহ আলী সহ অন্যান্য আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাদী মোঃ মোমেন (২৬) এর ভাগিনা ও চাচাত ভাই নুরে আলম সহ অন্যান্য ভিকটিমদেরকে এলোপাতাড়ী ভাবে দেশীয় অস্ত্র দ্বারা মারাত্মক রক্তাক্ত জখম সহ আহত করে পালিয়ে যায়।
পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে স্থানীয় ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে ভর্তি করে। আহতদের মধ্যে নুরে আলমের অবস্থান অবনতি হলে তাকে রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয় এবং দীর্ঘ ছয়দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
হত্যাকান্ডে জড়িত অন্যান্য আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারৃকত আসামীকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।এসএম/জেসি


