সিদ্ধিরগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে মারধর, ভিডিও ভাইরাল
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুন ২০২২, ১১:৪৩ পিএম
পরনের টি-শার্ট খুলে ছুঁড়ে ফেলে দিলেন অদুরে। এর পরই প্যান্টের বেল্ট দিয়ে এক যুবককে মারধর শুরু। সঙ্গীরাও একই স্টাইলে একের পর এক বেল্ট দিয়ে পেটাচ্ছিলেন যুবককে। সঙ্গে অকথ্যভাষায় গালিও দিচ্ছেন। সোমবার (৬ জুন) বিকালে সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের বাগানবাড়ি এলাকায় সোহাগ (২৩) নামে যুবকের উপর এমন ফিল্মিস্টাইলে হামলার ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
হামলাকারী কিশোর গ্যাং সদস্যদের গ্রেফতার করতে অভিযান চলছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনকে অভিযুক্ত করে সেমাবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। অভিযুক্তরা হলেন- দ্বীন ইসলাম (১৯), বরকত (২০), সোলায়মান (২১) এবং জাকির হোসেন (৪০)। সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগীকে অভিযুক্তরা নির্মমভাবে মারধর ও জখম করে।
হামলার বিষয়ে পুলিশকে কিছু জানালে ভুক্তভোগীদেরকে প্রাণনাশের হুমকি দেয় তারা। ভুক্তভোগীর বাবা দেলোয়ার হোসেন গনমাধ্যমকে বলেন, ২ দিন আগেও অভিযুক্তরা তার ছেলেকে মারধর করে। বিষয়টি স্থানীয় কাউন্সিলর নুর উদ্দীন মিয়াকে জানালে সে বিষয়টি দেখবে বলে জানায়। পরবর্তীতে তারা আবারও তার ছেলের উপর হামলা করলে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মশিউর রহমান জানান, হামলার ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। কিশোর গ্যাংয়ের ঐ সদস্যদের গ্রেফতার করতে রাতে অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। অচিরেই আমরা তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনবো।এমই/জেসি


