নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শরীফুল ইসলাম (৩২) নামে এক ফার্নিচার দোকানের কর্মচারীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টা সোনারগাঁ উপজেলার হাতকোপা মেন্দিভিটা এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত ছিনতাইকারী শাহ আলমকে (৪৫) স্থানীয়রা রক্তমাখা ছুরিসহ আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
নিহত শরীফুল ইসলাম মেন্দিভিটা এলাকায় নিলা ফার্নিচার নামে একটি দোকানের কর্মচারী ছিল। শরীফুল চাঁদপুর জেলার দেবপুর ইউনিয়নের সতন্তর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
ছিনতাইকারী শাহ আলম সোনারগাঁ পৌরসভার অনন্ত মুছা এলাকার নজরুল ইসলামের ছেলে। হত্যা কান্ডের ঘটনায় সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানায়, সোনারগাঁ পৌর এলাকার হাতকোপা মেন্দিভিটা এলাকায় ঐতিহাসিক গ্রান্ডট্যাঙ্ক রোডের পাশে আয়েশা আমজাদ নামে ক্লিনিকের সামনে রাত ১০ টার দিকে শরীফুল ইসলামের মুঠোফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ছিনতাইকারী শাহ আলম।
এসময় শরীফুল তার মুঠোফোন না দেয়ায় ক্ষিপ্ত হয়ে গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ছিনতাইকারী। পরবর্তীতে গুরুতর আহত শরীফুলের ডাকচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। ঘটনার পর ছিনতাইকারী শাহ আলম পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
এলাকাবাসীর অভিযোগ, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা থেকে বৈদ্যেরবাজার ও বারদিগামী সড়কে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে। রাত গভীর হতে থাকলে ছিনতাইকারীরা এ পথে ওৎ পেতে থাকে।
এসড়কে চলাচলরত যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা, স্বর্ণলংকার ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়। সোনারগাঁ থানা থেকে মাত্র ৩শত মিটার দূরত্ব মেন্দিভিটা এলাকায় সড়কে এমন হত্যাকান্ডের ঘটনায় এলাকাবাসীকে ভাবিয়ে তুলেছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, শরীফুল ইসলাম নামের এক যুবককে গলায় ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় ছিনতাইকারী শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।এসএম/জেসি


