সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পানি আক্তার বাহিনীর হামলা
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২২, ০৭:১৬ পিএম
সিদ্ধিরগঞ্জে জমির সাইনবোর্ড উঠানোকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা চালিয়েছে আক্তার ওরফে পানি আক্তার বাহিনীর সদস্যরা। এ ঘটনায় মহাসিন নামে এক ব্যাক্তি গুরুতর আহত হয়েছে। বর্তমানে আহত ব্যাক্তি চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার (১০ জুন) রাত সাড়ে ১১ টার সময় সিদ্ধিরগঞ্জের নাসিক ৭ নম্বর ওয়ার্ডের মধ্য কদমতলী গ্যাস লাইন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলার ঘটনায় শুক্রবার রাতেই সিদ্ধিরগঞ্জ থানায় জমির মালিক ভুক্তভোগী মো: মিলন (৩১) বাদী হয়ে ৮জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, একাধিক মামলার আসামি আক্তার ওরফে পানি আক্তারের সহযোগী রুহুর আমিনের ছেলে মো. সাগর, সিরাজুল ইসলামের ছেলে এসএম টুটুল, মো: জীবন, মো: আকাশ, মো: নুর উদ্দিন, বারেক মেম্বারের ছেলে আলতাফ, মো: সোহাগ ও মো: রাফি। অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মধ্য কদমতলী গ্যাস লাইন এলাকায় ভুক্তভোগীর ক্রয়কৃত সম্পত্তিতে লাগানো সাইনবোর্ড জোরপূর্বক ভাবে উঠাতে যায় অভিযুক্তরা।
খবর পেয়ে ভুক্তভোগী জমির মালিক ঘটনাস্থলে গিয়ে সাইনবোর্ড উঠাতে অভিযুক্তদের বাধা দেন। পরবর্তীতে বাধা অমান্য করে পূর্বপরিকল্পনা অনুযায়ী লাঠি সোঠা নিয়ে ভুক্তভোগীর উপর হামলা করেন। এতে গুরুতর আহত হন ভুক্তভোগী জমির মালিক।
তার চিৎকারে আশপাশের লোকজনসহ ভুক্তভোগীর কাকা মহাসিন ঘটনাস্থলে এগিয়ে আসলে অভিযুক্ত সাগর তার হাতে থাকা দেশীয় চাকু (সুইচ গিয়ার) দিয়ে আঘাত করলে আহত মহাসিনের ডান হাতে রক্তাক্ত জখম হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। ভুক্তভোগী মিলন জানান, অভিযুক্তরা বেশ কয়েকজন পানি আক্তারের লোক। ঘটনার সময় পানি আক্তার তার সহযোগী জীবনের অফিসে উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।
স্থানীয়নারা জানান, আমাদের ৭ নং ওয়ার্ডে দিন দিন অপরাধের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। একটার পর একটা ঘটনা ঘটেই চলছে। সিটি নির্বাচনের পর থেকে এলাকায় বহিরাগতদের আনাগোনা বেশি দেখা যাচ্ছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছেন তারা।
তারা এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক বলেন, মারামারির ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে। এসএম/জেসি


