Logo
Logo
×

নগরের বাইরে

পল্লীবিদ্যুৎ কর্মীকে পিটালো সাবেক যুবলীগ সেক্রেটারী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ জুন ২০২২, ০৮:৩৪ পিএম

পল্লীবিদ্যুৎ কর্মীকে পিটালো সাবেক যুবলীগ সেক্রেটারী
Swapno

বকেয়া বিলের কারণে লাইন কেটে দেয়ায় পল্লীবিদ্যুৎ এর লাইনম্যানকে পিটিয়ে গুরুতর আহত করেছে সাবেক যুবলীগ নেতা। আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী উত্তরপাড়া গ্রামে রোববার (১২ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত লাইনম্যানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 অভিযুক্ত ওই সাবেক যুবলীগ নেতার নাম হারুন ভূঁইয়া। সে হাইজাদী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে। এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর সোনারগাঁ জোনাল অফিসের এ জি এম মো. জাফর সাদিক খান জানান, ধন্দী উত্তরপাড়া গ্রামের মৃত সাইজুদ্দিন ভূঁইয়ার ছেলে হারুণ ভূঁইয়ার ব্যবহৃত মিটারের বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ ২ হাজার ৩শ ৫৩ টাকা।

 

 বকেয়া বিল আদায় করার জন্য ওই অফিসের লাইন ক্রু লেভেল-১ মো. আলমগীর (২৮) ওই বাড়ীতে যান এবং গ্রাহক হারুণ ভূঁইয়াকে বিল পরিশোধ করতে বলেন। তিনি বিল পরিশোধ না করায় অফিসের নির্দেশ অনুযায়ী আলমগীর তার লাইনটি বিচ্ছিন্ন করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে গ্রাহক হারুণ ভূঁইয়া তাকে কিল ঘুষি লাথি মারেন এবং এক পর্যায়ে তার ঘর থেকে লোহার রড এনে আলমগীরের দেহের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর আহত করেন।

 

 এ সময় আলমগীর তার অন্ডকোষে আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে অফিসের অন্যান্য লোকজন এসে তাকে ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ব্যাপারে ওই অফিসের এ জি এম মোঃ জাফর সাদিক খান বাদী হয়ে আড়াইহাজার থানায় হারুণ কে একমাত্র বিবাদী করে একটি মামলা দায়ের করেছেন। আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, মামলা গ্রহণ করা হয়েছে। আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।এসএম/জেসি 

 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন