সোনারগাঁয়ে ভোটে পরাজিত হয়ে প্রিজাইডিং অফিসারকে পিটিয়ে আহত, আটক-২
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০২২, ০৮:৪৯ পিএম
সোনারগাঁ উপজেলার সবচেয়ে আলোচিত মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য পদে পরাজিত হয়ে কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারকে মারধর করার ঘটনায় পরাজিত প্রার্থীসহ ২জন কে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।
গতকাল বুধবার বিকেলে মোগরাপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পাঁচপীর দরগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোটে পরাজিত হয়ে সাবেক ইউপি সদস্য আবু তাহের, আল মাহবুব ও রফিকুল ইসলাম দুলাল এবং তাদের সমর্থকরা ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ফখরুল ইসলামকে পিটিয়ে মারাত্বক ভাবে আহত করে। পরাজিত প্রার্থী আল মাহবুব ও আবু তাহেরের কর্মী সমর্থকরা মিলে হামলা চালিয়ে প্রকাশ্যে প্রিজাইডিং অফিসারকে পিটিয়ে আহত করে। আহত প্রিজাইডিং অফিসারকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রিজাইডিং অফিসারের ওপর হামলার খবর শুনে তাৎক্ষনিক পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাঠি চার্জ ২৯ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় হামলার অভিযোগে পরাজিত সদস্য প্রার্থী আল মাহবুব ও তার সহযোগিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় প্রায় ১০জন আহত হয়েছে। পরাজিত প্রার্থীদের অভিযোগ পাঁচপীর দরগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৭ নং ওয়ার্ডের পুরুষ ও মহিলাদের জন্য ২টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। ফলাফলের সময় দুই কেন্দ্রের মোট প্রাপ্ত ভোটের ঘোষণা দিলেও শুধুমাত্র পুরুষ কেন্দ্রের ফলাফলের তালিকা হস্তান্তর করা হয়েছে কিন্তু মহিলা কেন্দ্রের ফলাফল হস্তান্তর করে নাই। তাই কর্মী সমর্থকরা উত্তেজিত হয়ে বাক বিতন্ডা করেছে।
৭ নং ওয়ার্ডের বিজয়ী ইউপি সদস্য মানিক মিয়া জানান, পরাজিত তিন প্রার্থী হঠাৎ করে কেন্দ্রে হামলার পাশাপাশি আমার ঘরবাড়িসহ কর্মী সমর্থকদের বাড়ি ঘরেও হামলা চালিয়ে তাদেরকে পিটিয়ে আহত করে। অপরদিকে প্রিজাইডিং কর্মকর্তাকে পিটিয়ে আহত করার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এ ব্যাপারে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক ইমরান আহমেদ জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে ও এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ-উর-রহমান জানান, হামলার ঘটনায় আহত প্রিজাইডিং অফিসার বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।এমই/জেসি


