সোনারগাঁয়ে মোগরাপাড়া-শম্ভুপুরা সড়কের কাজে ঠিকাদারীর গাফলতি
আশরাফুল আলম, সোনারগাঁ
প্রকাশ: ১৮ জুন ২০২২, ০৭:৪০ পিএম
গত ১৪ মে শনিবার আনুষ্ঠানিক ভাবে শম্ভুপুরা ইউনিয়নবাসীকে মিষ্টি খাইয়ে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া থেকে সাবদিঘাট পর্যন্ত ৬ কিলোমিটার সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সাংসদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা।
উদ্বোধনের সময় তিনি বলেছিলেন আগামীকাল রবিবার থেকে পুরোদমে সড়কের সংস্কার কাজ শুরু হবে। উদ্বোধনের পর এক মাসেরও অধিক সময় অতিবাহিত হলেও সড়ক সংস্কার কাজ শুরু না হওয়ায় শম্ভুপুরা ইউনিয়নবাসীর মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সোনারগাঁ উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম দফায় সড়কটি সংস্কার করার জন্য মেসার্স ডলি কনস্ট্রাকশন লিমিটেড নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান বিগত ২৫/০৩/২০২০ ইং তারিখে কাজ পায়। চুক্তি মোতাবেক ০১/০৪/২০২০ ইং কাজটি শুরু করে ১৬/০৮/২০২১ ইং সংস্কার কাজ শেষ করার সময় নির্ধারিত ছিল।
কিন্তু সেই ঠিকাদারী প্রতিষ্ঠান সড়কটির বিভিন্নস্থানে খুড়াখুঁড়ি করে সংস্কার কাজ শুরু না করে কাজ ফেলে চলে যায়। এতে করে হোসেনপুরগামী সড়কে চলাচলরত সাধারন মানুষের ভোগান্তি আরো বেড়ে যায়।
দীর্ঘদিন অপেক্ষার পর সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পুনরায় সড়কটি সংস্কারের জন্য মাসুদ হাই-টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৭ কোটি ৫৪ লাখ টাকা ব্যয় নির্ধারন করে সংস্কার কাজের দায়িত্ববার দেয়। কোন অজ্ঞাত রহস্যজনক কারনে দীর্ঘ ১ মাস ৫দিন সময় অতিবাহিত হওয়ার পরেও সড়কের কাজ শুরু না হওয়ায় শম্ভুপুরা ইউনিয়নবাসীর মাঝে নানাহ কৌতুহলের সৃষ্টি হয়েছে।
সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া থেকে শুরু হয়ে ভায়া মঙ্গলেরগাঁও বটতলা বাজার থেকে শম্ভুপুরাগামী সড়কটির অনেকাংশে বৃষ্টির কারনে পানি জমে খানা খন্দে, বেহাল দশায় মৃত্যু ফাঁদে পরিনত হয়েছে। হোসেনপুর শম্ভুপুরাগামী সড়কের পাশে রয়েছে দূর্গাপ্রসাদ প্রাথমিক বিদ্যালয়, কাজিরগাঁও হাজী তমিজ উদ্দিন মাদ্রাসা
একই অবস্থানে চৌধুরীগাঁও সরকারী প্রাথমিক ও চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়, হোসেনপুর এলাকায় হোসেনপুর কলেজ, হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, হোসেনপুর ইউনিয়ণ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, হোসেনপুর ভূমি অফিস, শম্ভুপুরা ইউনিয়ণ পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
প্রতিদিন এ সড়ক দিয়ে উপজেলা সদরে যাওয়া এবং মেঘনাঘাট এলাকায় অবস্থিত বিভিন্ন শিল্পকারখানায় কর্মরত শ্রমিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারী চাকুরিজীবি ও ব্যবসায়ীসহ হাজার হাজার মানুষের চলাচল। এ সড়ক দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি চাকুরিজীবি ও কারখানায় কর্মরত শ্রমিক সহ সাধারন মানুষ আসা যাওয়ার সময় প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে।
এতে করে ওই এলাকার যাত্রীরা প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছে। চরম ভোগান্তির শিকার স্থানীয় এলাকাবাসীর প্রশ্ন কোন অজ্ঞাত রহস্যজনক কারনে সড়কটির সংস্কার কাজ বন্ধ রয়েছে তা আমাদের বোধগম্য নয়।
বর্ষা মৌসুমে বৃষ্টির কারনে সড়কটি ভেঙ্গে খানা খন্দে, বড় বড় গর্তের সৃষ্টি হয়। এখন সড়কটি ভেঙ্গে পুরোপুরি চলাচল অনুপযোগী হয়ে মৃত্যু ফাঁদে পরিনত হয়েছে। এখন শম্ভুপুরা ইউনিয়নবাসীর প্রাণের দাবি দ্রুত সড়কটি সংস্কার কাজ শেষ করে জন দূর্ভোগ লাঘব করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান।এসএম/জেসি


