Logo
Logo
×

নগরের বাইরে

পুলিশের ওপর হামলার ঘটনায় ওয়ারেন্টভূক্ত আসামীসহ গ্রেপ্তার ৪

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২২, ০৬:৫১ পিএম

পুলিশের ওপর হামলার ঘটনায় ওয়ারেন্টভূক্ত আসামীসহ গ্রেপ্তার ৪
Swapno


 
সোনারগাঁ থানার দুই উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন ও মেরাজুল ইসলাম সোহাগের ওপর হামলা করে ওয়ারেন্টভূক্ত আসামী ছিনিয়ে নেওয়ার এক সপ্তাহ পর ছিনিয়ে নেওয়া আসামীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ সদস্যরা । গত শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

 

গতকাল শনিবার সকালে র‌্যাব-১১ এর উপ-পরিচালক একে এম মুনিরুল আলম ছিনিয়ে আসামীসহ ৪ জনকে  গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ আমিনসহ, রিনা বেগম, রিপন মিয়া ও আছমা আক্তারকে সোনারগাঁ থানায় হস্তান্তর করেছে র‌্যাব সদস্যরা। পরে শনিবার সকালে গ্রেপ্তারকৃত আসামীদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

 

 অপরদিকে, র‌্যাব সদস্যরা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ১টি ওয়াকিটকি সেট, মোবাইল সেট, ১টি পুলিশ আইডি কার্ডসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করে। উল্লেখ্য, গত ১১ জুন সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ফারুক হোসেন ও মেরাজুল ইসলাম সোহাগের ওপর হামলা করে ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ আমিনকে ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় আহত উপ-পরিদর্শক মোঃ ফারুক হোসেন পরদিন বাদি হয়ে মামলা দায়ের করেন।

 

ওই মামলার সূত্র ধরে র‌্যাব সদস্যরা পুলিশের পাশে ছায়া তদন্ত করে তাদের গ্রেপ্তার করে। মামলার এজহার সূত্রে জানা যায়, গত ১১ জুন সোনারগাঁ থানা পুলিশ জানতে পারে কাচঁপুরে ওপেক্স সিনহা গার্মেন্টসের সামনে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ আমিন অবস্থান করছে। সেখানে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক ফারুক হোসেন ও মেরাজুল ইসলাম সোহাগ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে দেহ তল্লাশী শেষে ভ্যান গাড়ীতে তোলার সময় কৌশলে রূপগঞ্জে যাত্রামূড়া এলাকার দিকে পালিয়ে যায়।

 

পুলিশ তাকে অনুসরণ করে রূপগঞ্জ থানার যাত্রামূড়া এলাকার পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে থেকে পুনরায় তাকে গ্রেপ্তার করে। থানায় ফিরে আসার সময় গ্রেপ্তারকৃত আসামীসহ অজ্ঞাত আরো কয়েকজন আসামী পুলিশকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা করে। হামলায় দেশীয় অস্ত্রের আঘাতে পুলিশের দুই এসআই গুরুতর ভাবে আহত হয়। একপর্যায়ে তারা পুলিশের কাছ থেকে গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্ত আসামি মোঃ আমিনকে ছিনিয়ে নেয়।

 

এসময় তারা সরকারী মালামাল পুলিশের ওয়াকিটকি ওয়ারলেস সেট, মোবাইল, আইডি কার্ড ও নগদ টাকা ছিনিয়ে নেয়। সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নেওয়া ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।এমই/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন