রূপগঞ্জে ১২ ঘন্টার ব্যবধানে দুই তরুণীর আত্মহত্যা
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুন ২০২২, ০৯:৪৭ পিএম
রূপগঞ্জে ১২ ঘন্টার ব্যবধানে দুই তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত শনিবার(২৫জুন) সন্ধ্যার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকার শাহ আলমের বাড়িতে সালমা(১৮) নামে এক গৃহবধুর আত্মহত্যার রেশ কাটতে না কাটতেই রবিবার (২৬ জুন) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভূলতা ইউনিয়নের ভায়েলা এলাকায় শিমুলী(১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
নিহত ওই গৃহবধু সালমা হলেন, সাওঘাট এলাকার শাহ আলমের বাড়ির ভাড়াটিয়া আনিচুর রহমান অপুর স্ত্রী। জানা যায়, তাদের বিয়ের মাত্র দুই মাস হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে গৃহবধু সালমা স্বামীর সাথে অভিমান করে তার নিজ ঘরের আড়ের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ঘটনার পর থেকে স্বামী পালাতক রয়েছেন বলে জানান বাড়ির মালিক শাহ আলম। তিনি তাদের কারো পরিচয় জানেন না বলে দাবি করেন।
এছাড়া নিহত কলেজ শিক্ষার্থী শিমুলী হলেন, ভূলতা ইউনিয়নের ভায়েলা এলাকার শহিদুল্লাহর মেয়ে। রবিবার রাত সাড়ে ৩টার দিকে শিক্ষার্থী শিমুলী তার নিজ ঘরের আড়ের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়। সে ভূলতা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, ছুনাব এলাকার ইমরান নামের এক ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক ছিলো। এছাড়া শিমুলীর মা-বাবা কেউ কিছু বলতে পারেন না মেয়ে কি কারণে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে ভূলতা পুলিশ ফাঁড়ির সহকারি পুলিশ পরিদর্শক (এসআই) অলিউল্লাহ জানান, দুটি ঘটনাই অপমৃত্যু। এ বিষয়ে রূপগঞ্জ থানায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে। দুটি লাশই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এমই/জেসি


