ফতুল্লায় কিশোর সাকিব হত্যাকাণ্ডে জড়িত আরো তিন আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৮ জুন ২০২২, ০৬:৩৪ পিএম
ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত কিশোর সাকিব হত্যার ঘটনার ২৪ ঘন্টার মধ্যে প্রধান তিন আসামীকে রাজধানী ঢাকার বাংলাবাজার থেকে গ্রেফতার করেছে র্যাব-১১’র সদস্যরা। রবিবার (২৬ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১’র সদস্যরা ঢাকার বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, ফতুল্লার দাপা ইদ্রাকপুর বেপারী পাড়া ওয়াচ প্লাজার পিছন এলাকার শুক্কুর আলীর (পাইলট স্কুলের দারোয়ান) ছেলে মো: ফয়সাল (১৮) ও পারভেজ (২২) এবং একই এলাকার মৃত হারুন হোসেনের ছেলে মো: রবিউল (১৮)।সোমবার (২৭ জুন) বিকালে র্যাব-১১’র সদর দপ্তর থেকে গনমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত শনিবার (২৫ জুন) ফতুল্লা রেলস্টেশন এলাকায় সিনিয়র জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাতে সাকিব (১৪) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে। উক্ত ঘটনায় নিহতের মা বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৬৭, তাং-২৬/০৬/২০২২ইং।
ঘটনাটি স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয় যা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ সহ চাঞ্চল্যকর এই হত্যা মামলার আসামীদের গ্রেফতারের জন্য র্যাব-১১, সিপিসি-১’র একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় রবিবার রাতে র্যাবের অভিযানে চাঞ্চল্যকর সাকিব হত্যা মামলার প্রধান তিন আসামীদেরকে ঢাকা জেলার বাংলা বাজার এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক অনুসন্ধান ও এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার রাতে আসামীদের মধ্যে সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়।
পরবর্তীতে আসামীদের সঙ্গে সাকিবের কথা কাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে একজন তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ইতিমধ্যে সাকিবের মা ও বড় ভাই লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় সাকিবকে মাটিতে কাতরানো অবস্থায় দেখতে পান।পরবর্তীতে গুরুতর আহত সাকিবকে নারায়ণগঞ্জের খাঁনপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
উক্ত হত্যা মামলার সাথে জড়িত অন্যান্য আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে ফতুল্লা থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে বলেও র্যাব নিশ্চিত করেছে।এসএম/জেসি


