Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জের শীর্ষ চাঁদাবাজ আকবর বাদশা গ্রেফতার

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২২, ০৯:২৬ পিএম

রূপগঞ্জের শীর্ষ চাঁদাবাজ আকবর বাদশা গ্রেফতার
Swapno

 


নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব দক্ষিণপাড়া এলাকার চিহ্নিত চাঁদাবাজ আকবর বাদশাকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২ জুলাই দুপুরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আকবর বাদশা হলেন, উপজেলার তারাব পৌরসভার তারাব এলাকার আব্দুল বারেকের ছেলে।

 

সূত্রে জানা গেছে, আকবর বাদশা বিভিন্ন অপকর্মের হোতা। সে হত্যা, পুলিশ পেটানো, চাঁদাবাজি, সন্ত্রাসী মামলার আসামি। চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী আকবর বাদশা গ্রেফতার হওয়ায় স্থানীয়রা খুশি হয়েছেন। আরও জানা গেছে, উপজেলার তারাব পৌরসভার তারাব এলাকায় অবস্থিত শবনম ভেজিটেবল অয়েল মিলে বেশ কিছু দিন যাবৎ চাঁদা দাবি করে আসছিল আকবর বাদশা ও তার লোকজন। তারাব এলাকার নাঈম উদ্দিন মুন্সির ছেলে মো: শহিদুল্লাহ, আব্দুল বারেকের ছেলে আকবর বাদশা, শহিদুল্লার ছেলে সাইফুল, তমিজ উদ্দিন ভূইয়ার ছেলে কুত্তা মাসুদ, আব্দুল বারেকের ছেলে সুমনসহ অজ্ঞাতনামা আরও ১০/১৫ জন শবনম মিলে চাঁদা দাবি করে আসছিল। বিভিন্ন সময় তারা ফ্যাক্টরিতে প্রবেশ করে কর্মকর্তা কর্মচারীদের কাছে চাঁদা দাবি করে আসছিল। গত ৬ জুন চাঁদাবাজরা ফ্যাক্টরিতে অনধিকার প্রবেশ করে ফ্যাক্টরির প্রশাসনিক কর্মকর্তা মো: আলীকে হত্যার উদ্দেশ্যে মারধর করে মারাত্মক জখম করে। 


গত ৩০ জুন চাঁদার দাবিতে জোটবদ্ধভাবে ধারালো অস্ত্রশস্ত্রসহ ফ্যাক্টরিতে প্রবেশ করে তারা প্রশাসনিক সুপারভাইজার মো: লোকমান ও ফরিদের নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় আকবর বাদশা তার হাতের রড দিয়ে প্রশাসনিক সুপারভাইজার লোকমানকে আঘাত করলে মাথার পিছনে জখম হয়। ওই সময় অপর সুপারভাইজার ফরিদকে চাঁদাবাজ সাইফুল মারধর করে। পরে তারা নানা হুমকি দিয়ে ফ্যাক্টরিতে থাকা কিছু দামি মেশিন নিয়ে যায় এবং ফ্যাক্টরির লোকদের হুমকি দিয়ে চলে যায়। যে মেশিনগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। এর আগে, রূপগঞ্জে নৌ-পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আকবর বাদশাকে (৩৫) গ্রেফতার করে র‌্যাব-১১ এর সদস্যরা। 


স্থানীয়রা জানান, হত্যাসহ একাধিক মামলার আসামি ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের নেতা আকবর বাদশা। আকবর বাদশা একজন ভয়ঙ্কর ভূমিদস্যু। এলাকায় তার একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। এ বাহিনী মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অপকর্ম করছে বীরদর্পে। তাছাড়া আকবর বাদশার নেতৃত্বে সুলতানা কামাল সেতুর দক্ষিণ পাশে বাঁশপট্টি এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে দীর্ঘ দিন ধরে জুয়ার আসার চলে আসছে। এ আসরে দৈনিক লাখ লাখ টাকার জুয়া খেলা হয়। এলাকার সকল অপকর্মই পরিচালিত হচ্ছে আকবর বাদশার নেতৃত্বে। বেপরোয়া আকবর বাদশার সন্ত্রাসী বাহিনীর কারণে স্থানীয়রা অতিষ্ঠ হয়ে পড়েছে। তাদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। ভয়ঙ্কর আকবর বাদশাকে গ্রেফতারের খবরে এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ জানান, চাঁদাবাজি মামলার আসামি আকবর বাদশাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন