ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫ কিমি জুড়ে তীব্র যানজট
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুলাই ২০২২, ০৬:৩৪ পিএম
ঈদকে কেন্দ্র করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ৫ কিঃ মিঃ জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা। তবে বেশি ভোগান্তিতে পড়ছেন শিশু এবং বৃদ্ধরা। অনেক কর্মজীবী মানুষকে পায়ে হেটে নিকটবর্তী গন্তব্যস্থলে যেতে দেখা গেছে।
বুধবার (৬ জুলাই) দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর থেকে সোনারগাঁয়ের মোগরাপাড়া পর্যন্ত এ তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া মোগরাপাড়া থেকে মেঘনাঘাট পর্যন্ত গাড়িগুলো ধীরে ধীরে চলতে দেখা গেছে।
বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগ এড়াতে আজই মানুষ গ্রামের দিকে ছুটছেন। এজন্য আজ দুপুর থেকেই যাত্রীদের ভীড় লক্ষ্য করা গেছে। এদিকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে পরিবহন মালিকদের বিরুদ্ধে। এদিকে তীব্র গরমে দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় ঘরমুখী যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এই যানজটের প্রভাবে গন্তব্যস্থলে পৌঁছাতে যাত্রীদের অনেক সময় লেগে যাচ্ছে।
শরীফুল আলম নামে এক যাত্রী জানান, তার অফিস আগামীকাল ছুটি দিবে। কিন্তু আগামীকাল থেকে যাত্রীর চাপ বেশি হতে পারে সেজন্য দুর্ভোগ এড়াতে পরিবারকে গ্রামে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু এসে দেখি মহাসড়কে তীব্র যানজট। আবার গাড়িও ঠিকমতো পাচ্ছি না। তাই পরিবারকে আজ গ্রামে পাঠাবো কিনা বুঝতে পারছি না।
হালিমা খাতুন নামে আরেক যাত্রী জানান, চট্রগ্রামে উদ্দেশ্য দুপুর ১২ টায় কাচঁপুর থেকে গাড়িতে উঠেছি। ৩০ মিনিটে মাত্র মদনপুর এসেছি। যেখানে কাঁচপুর থেকে মদনপুর যেতে সর্বােচ্চ ১০-১৫ মিনিট লাগে। এখনো মদনপুর সিগন্যালে বসে আছি। জানি না কখন চট্রগ্রাম পৌছাঁবো।
তৌকির আহমেদ নামে এক ব্যবসায়ী জানান, জরুরী কাছে মোগরাপাড়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম। শিমরাইল মোড় থেকে মোগরাপাড়া আসতে দেড় ঘন্টা সময় লেগে গেছে। যেসময়ে এতোদিন মোগরাপাড়া গিয়ে আবারও শিমরাইল মোড়ে চলে আসতে পারতাম।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীর হােসেন বলেন, যাত্রী চাপ বেশি থাকায় এ যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি খুব শীঘ্রই যানজট নিরসন হয়ে যাবে।এমই/জেসি


