বুড়িগঙ্গায় গোসল করতে নেমে কলেজ ছাত্র নিখোঁজ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৪ জুলাই ২০২২, ০৯:২২ পিএম
ফতুল্লার পাগলা এলাকার বুড়িগঙ্গা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ কলেজ ছাত্রের নাম সাজ্জাদ হোসেন (১৮)। সে পাগলা নুরবাগের উকিলের বাড়ীর ভাড়াটিয়া শাহিন মিয়ার পুত্র ও হাজী মিছির আলী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
নিখোঁজ কলেজ ছাত্রের সাথে গোসল করতে যাওয়া বন্ধুরা জানায়, তারা বন্ধুরা মিলে বেলা ১২টার দিকে বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে তারা সাজ্জাদকে দেখতে পায়না। তারা সকলেই নদী থেকে উপরে উঠলেও উঠে আসনি সাজ্জাদ। তারা খোঁজাখুঁজি করে না পেয়ে সাজ্জাদের পরিবারের সদস্যদেরকে ফোন করে বিষয়টি জানায়। তাদের ধারণা গোসল করতে নেমে নদীর পানিতে তলিয়ে গেছে সাজ্জাদ।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের একটি দল। বিকেল ৫টা পর্যন্ত নিখোঁজ কলেজ ছাত্রকে উদ্ধার করা যায়নি। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের মরদেহ সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চলমান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পাগলা নৌ ফাড়ির ইনচার্জ বেলাল হোসেন জানায়, নিখোঁজ কলেজ ছাত্রকে উদ্ধারে কাজ করছে তারা।


