কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষের পর ছুরিকাঘাতে যুবক খুন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০১ আগস্ট ২০২২, ০৯:২১ পিএম
দুই কিশোর গ্যাংয়ের মুখোমুখি সংঘর্ষের পর পালিয়ে থেকেও রক্ষা পায়নি এক যুবক। নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের সামনের সড়কে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সজিব (১৮) নামে এক যুবক খুন হন। রোববার (৩১ জুলাই) রাতে সাড়ে ৮টায় এসপি অফিসের সামনের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ ঘটনা ঘটে। নিহত সজিব উত্তর চাষাড়া এলাকার কামালের ছেলে।
প্রত্যক্ষদর্শী আইনজীবীর সহকারী সিদ্দিকুর রহমান বলেন, ‘আমি আদালত থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলাম। পথে দেখি পুলিশ সুপার কার্যালয় বরাবর লিংক রোডে কে বা কারা যুবক বয়সের এক ছেলেকে ছুরিকাঘাত করে ফেলে রেখেছে। আমি ছেলেটার নিথর দেহ পড়ে থাকতে দেখে তাকে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলেটির পরনে ফুল প্যান্ট ও ফুলহাতা শার্ট ছিল। তার নাম-পরিচয় বলতে পারছি না।’
ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াসমিন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ছেলেটি মারা গেছে। তার বুকে ছুরিকাঘাতের জখম রয়েছে।
এদিকে রাত ১২টার দিকে পরিচয় নিশ্চিতের পর নিহত সজিবের বন্ধুরা ভিক্টোরিয়া হাসপাতালে জানান, উত্তর চাষাঢ়া এলাকার ছোট ভাই তৌহিদ গ্রুপের সাথে মাউরাপট্টি এলাকার কিশোরদের সাথে মারামারি হয়। বিষয়টি বড় ভাই সজিবকে জানালে সে লোহার পাইপ নিয়ে মাউরাপট্টি এলাকার কিশোরদের সাথে মারামারি করতে যায়। পরে দুই গ্রুপের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর সবাই সরে পড়লেও আটকা পড়ে যায় সজিব। সজিবকে একা পেয়ে মাউরাপট্টি এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যরা ছুরিকাঘাত করে ফেলে যায়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এসএম/জেসি


