সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গ্রেফতার ৪
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২২, ০৯:১৩ পিএম
সিদ্ধিরগঞ্জে কদমতলী পশ্চিম নয়াপাড়া এলাকায় মোবাইলে ডেকে নিয়ে কিশোর গ্যাংয়ের হামলায় এক স্কুলছাত্র আহত হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৩১ জুলাই) রাতে কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে। আহত স্কুল ছাত্র সাইদুল (১৮) সিদ্ধিরগঞ্জের কদমতলী পশ্চিম ভূঁইয়া পাড়া এলাকার মোহাম্মদ ভূঁইয়ার ছেলে। বর্তমানে সে ঢাকার পঙ্গু হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গ্রেফতাররা হলেন বিজয় (১৮), আরাফাত (১৭), আজমান (১৯) ও হোসেন (১৮)। স্থানীয়রা জানান, গতকাল রবিবার সন্ধ্যায় সাইকেল নিয়ে কদমতলী পশ্চিম নয়াপাড়া এলাকায় রাস্তায় বের হয় সাইদুল। এসময় সাইকেল চালাতে গিয়ে রাস্তায় সাইদুলের সাইকেলের চাকার সাথে পা লাগে ঐ এলাকার কিশোর গ্যাং গ্রুপের সদস্য বিজয় (১৮) নামের একটি ছেলের। এতে দুজনের মধ্যে কিছুক্ষণ বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে এটি কথাবার্তায় মীমাংসা হয়ে যায়।
এরপর সাইদুল সাইকেল নিয়ে বাসায় চলে গেলে রাত ৯ টায় মোবাইলে কল দিয়ে বিজয় তাঁকে কদমতলী পশ্চিম নয়াপাড়া সানরাইজ স্কুল সংলগ্ন বালুর মাঠে দেখা করতে বলে। বিজয়ের কথামতো সাইদুল বালুর মাঠে দেখা করতে গেলে ৭/৮ জন কিশোরের একটি দল সুইজ গিয়ার, রড, লাঠি ও চাপাতি নিয়ে সাইদুলের উপর অতর্কিত হামলা চালায়।
এসময় তারা সাইদুলকে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারধর করতে থাকে। মাথায় চাকু দিয়ে গুরুতর আঘাত, হাতের আঙ্গুলের রগ কেটে ফেলা, পেটে ও শরীরের বিভিন্নস্থানে পোজ দিলে রক্তাক্ত হয়ে সাইদুল মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আলিফ জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
অবস্থা খারাপ দেখে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে রেফার্ড করে। কিন্তু তার অবস্থার আরো অবনতি হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, এ ঘটনায় উভয় পক্ষ থেকে দুইটি মামলা হয়েছে। এ ঘটনায় আমরা চারজনকে গ্রেফতার করেছি। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।এসএম/জেসি


