কাশীপুরে সম্বন্ধীকে হত্যা: অভিযুক্ত আল-আমিন গ্রেপ্তার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৩ আগস্ট ২০২২, ১১:০৬ পিএম
ফতুল্লার চরকাশীপুরে পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে সম্বন্ধীকে হত্যার ঘটনায় অভিযুক্ত বোন জামাতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাগলা এলাকা থেকে মঙ্গলবার (২ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বোন জামাতার নাম আল আমিন। গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ রিজাউল হক দিপু।
নেশাগ্রস্ত অবস্থায় অভিযুক্ত আল-আমিন গত ২৬ জুলাই রাত সাড়ে ৯টার দিকে তার স্ত্রীকে মারধর করেন। বোনকে মারধরের বিষয়টি জানতে পেরে হাশেম মোল্লা এসে প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে তার বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন আল আমিন। পরে জখম অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে মারা যান হাশেম। এ ঘটনায় পরদিন ২৭ জুলাই সকালে মামলা করেছিল নিহতের ছোট ভাই জামাল হোসেন। জেসি / এম.ই


