মিশুক চালক হত্যাকাণ্ডে গ্রেফতার দুই ছিনতাইকারী
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২২, ০৩:৪০ পিএম
ফতুল্লার চানমারী বেইলী স্কুল গলিতে মিশুক চালক দুলাল কে ছুরিকাঘাত করে হত্যার পর মিশুক ছিনতাইয়ের ঘটনার সন্দেহভাজন আসামী পেশাদার ছিনতাইকারী মোঃ হামজা লিংকন সহ অপর এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ফতুল্লার শিয়াচর লালখা এলাকার জয়নাল আবেদীনের পুত্র মোঃ হামজা লিংকন (৩৫) ও একই থানার মাসদাইর আজমের বাড়ীর ভাড়াটিয়া মৃত আহসান উল্লাহ ব্যাপারীর পুত্র শাহজামাল(৩৯)।
বুধবার (১৭ আগস্ট) মধ্যরাতে তাদের কে মাসদাইর শস্মানঘাট সংলগ্ন রাস্তা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের মধ্যে মোঃ হামজা লিংকনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানাসহ জেলার বিভিন্ন থানায় ডজন খানেক এবং মোঃ শাহজামালের বিরুদ্ধে অর্ধ ডজন মামলা রয়েছে বলে ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়। পুলিশ জানায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সৈয়দ আজিজুল হক ভোর সাড়ে চারটার দিকে ফতুল্লার মাসদাইর শস্মানঘাট এলাকায় অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী লিংকন ও শাহালম কে গ্রেফতার করে।’
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়, ‘গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পঞ্চবটী- মুন্সিগঞ্জ ও মাসদাইর সড়কে ছিনতাই করে আসছিলো। চানমারী বেইলি স্কুল সড়কে দুলাল হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িত প্রধান সন্দেহভাজন আসামী ছিলো লিংকন। বুধবার ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানা পুলিশ মাসদাইর শস্মানঘাট এলাকায় অভিযান চালিয়ে লিংকন সহ শাহালম কে গ্রেফতার করা হয়।’ ‘তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানা সহ জেলার বিভিন্ন থানায় বহু মামলা রয়েছে’, বলে তিনি জানান।
উল্লেখ্য যে,শুক্রবার(১২ আগস্ট) মধ্যরাতে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের বিপরীতে ঢাকা- নারায়নগঞ্জ মহাসড়কেরে পশ্চিমে চানমারীস্থ বেইলি স্কুল গলির সড়কে দুলাল (২০) নামক এক চালককে ছুরিকাঘাত করে হত্যার পর বেটারী চালিত মিশুক গাড়ী ছিনিয়ে নিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ভাই আলাল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে। নিহত দুলাল শেরপুর জেলার ঝিনাইগাতি থানার দু’দনই গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র ও ফতুল্লা মডেল থানার তল্লা এলাকার গ্রীন রোডস্থ মির্জা বেগমের বাড়ির ভাড়াটিয়া। এন.এইচ/জেসি


