সোনারগাঁয়ে মেঘনা নদীতে অবৈধ মাছের ঘের উচ্ছেদ
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ০৭:০৪ পিএম
সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ মাছের ঘের উচ্ছেদ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও নৌপুলিশ। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ এসব মাছের ঘের উচ্ছেদ করা হয়। সোনারগাঁ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার জানান, বর্ষা মৌসুমে মেঘনা নদীর বিভিন্ন স্থানে প্রভাবশালী মহল ও অসাধু কিছু ব্যক্তিরা অবৈধ ভাবে মাছের ঘের তৈরী করে নদী থেকে মাছ আহরন করে থাকেন।
এতে মাছের অভয়ারন্যের ক্ষতিসহ নদীতে নৌ চলাচলের বিঘ্ন ঘটায় তাই মৎস্য বিভাগের পক্ষ থেকে নৌ পুলিশের সহায়তায় মেঘনা নদীর বৈদ্যেরবাজার ও নুনেরটেক এলাকায় দুটি মাছের ঘের সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়েছে। নতুন করে যাতে কেউ ঘের তৈরী না করে সেজন্য মাইকিং ও নোটিস দেয়া হয়েছে। জানা গেছে, উপজেলার মেঘনা নদীর নুনেরটেক, বৈদ্যেরবাজার, আনন্দবাজার, বারদি, শম্ভুপুরা ও চরকিশোরগঞ্জ এলাকায় প্রায় শতাধিক স্থানে নদী দখল করে প্রভাবশালী মহল ও কিছু অসাধু ব্যক্তিরা অবৈধ ভাবে মাছের ঘের তৈরী করে মাছের অভয়ারন্য নষ্ট ও নৌ চলাচলে বিঘ্ন ঘটায়।
এতে একদিকে মাছ শুন্য হচ্ছে নদী অপরদিকে নদীতে নৌযান চলাচল করতে সমস্যার সৃষ্টি হওয়ায় নৌ ডাকাতরা সহজেই নৌযানে ডাকাতি করে পালিয়ে যেতে পারছে। অবৈধ ঘের উচ্ছেদ অভিযানে অংশ গ্রহন করেন মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সিনিয়ন মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার, বৈদ্যেরবাজার নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুসাব্বের উল হকসহ নৌপুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।এসএম/জেসি


