Logo
Logo
×

নগরের বাইরে

মাদক বিক্রি দেখে ফেলায় কিশোরকে হত্যা

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২২, ০৮:৩৪ পিএম

মাদক বিক্রি দেখে ফেলায় কিশোরকে হত্যা
Swapno

 

সোনারগাঁয়ে মাদক বিক্রি করতে দেখে ফেলায় তুহিন মিয়া (১৬) নামে এক কিশোরকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। গতকাল বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকার মোল্লা বাজারের একটি ফার্নিচার দোকান থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

 

নিহত তুহিন পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকার মনির হোসেনের ছেলে। সে তার মামা ঝাউচর এলাকার নুরুল হুদার ফার্নিচার দোকানে কাজ করতো। তিন দিনের সন্তান তুহিন মিয়াকে রেখে তার মা মারা যাওয়ার পর মামা নূরুল হুদা তাকে পালিত সন্তান হিসেবে লালন পালন করে বড় করেছেন।

 

নিহতের স্বজনরা জানায়, পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চেঙ্গাকান্দি এলাকার মোল্লা বাজারে অবস্থিত মেসার্স এন, এইচ ট্রেডার্স নামে ফার্নিচার দোকানে কাজ শেষে রাতে তুহিন দোকানেই ঘুমাতো। গত মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় বাড়ি থেকে খাবার খেয়ে সে দোকানে ঘুমাতে যায়।

 

বুধবার সকাল সাড়ে নয়টায় দোকান খুলতে দেখা যায় মেঝেতে তার লাশ পড়ে আছে। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুরে কিশোর তুহিনের লাশ উদ্ধার করে। চেঙ্গাকান্দি এলাকাবাসীরা জানান, নিহত তুহিন মিয়া জন্ম হওয়ার ৩ দিন পর তার মা মারা যায়। তুহিনের মা মারা যাওয়ার পর তার মামা নুরুল হুদা তাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন। সেই থেকে তুহিন মামাকেই পিতার মতো দেখতো এবং তার দোকানে থাকতো।

 

নিহতের স্বজনদের অভিযোগ, ফার্নিচার দোকানের পাশে থাকা হিরাঝিল আবাসিক হোটেলে মাদক বিক্রির প্রতিবাদ করা নিয়ে মাদক বিক্রেতাদের সঙ্গে তার পূর্ব বিরোধ ছিল। এরই জের ধরে তুহিনকে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। এছাড়া গত কয়েক দিন পূর্বে রাতে দোকানে থাকা অবস্থায় হিরাঝিল হোটেলে মাদকের চালান প্রবেশ করতে দেখে ফেলায় হোটেলের মালিক মোস্তফার ছেলে রনি ও আল আমিন তাকে হত্যা করেছে বলে দাবী করেন নিহতের স্বজনরা।

 

ঘটনার পর থেকে হোটেল বন্ধ করে হোটেলের মালিক মোস্তফা ও তার দুই ছেলে রনি ও আল আমিন পলাতক রয়েছেন। নিহতের পালিত পিতা নুরুল হুদা বলেন, হিরাঝিল হোটেলের মালিক মোস্তফা মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী আল আমিন ও রনি দীর্ঘদিন ধরে এখানে ফেন্সিডিল ও ইয়াবা বিক্রি করে আসছিল। সোমবার গভীর রাতে আল আমিন ও রনি ফেন্সিডিলের কার্টুন হোটেলের পাশের রুমে নিয়ে যাওয়ার সময় তুহিন দেখে ফেলায় তাকে মারধর করে এবং মাদকের বিষয়ে কাউকে কিছু বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

 

সোনারগাঁ থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম জানান, ভোরের কোন এক সময় কিশোর তুহিনকে হত্যা করা হয়েছে। নিহতের দুই গালে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক অবস্থায় পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা বলে মনে হচ্ছে। নিহত কিশোরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বুঝা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন