স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে যুবক গ্রেফতার
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ৩১ আগস্ট ২০২২, ০৯:২২ পিএম
ফতুল্লার ভুইগড় থেকে অপহরনের ১৬ দিন পর অপহৃত স্কুল ছাত্রী (১৬) কে মুন্সিগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় গ্রেফতার করা হয়েছে আকাশ সরদার(১৯) নামক এক যুবককে। সোমবার(২৯ আগস্ট) রাতে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার আড়িয়াল খাঁ নামক এলাকা থেকে স্কুল ছাত্রীকে উদ্ধার করা সহ গ্রেফতার করা হয়েছে আকাশ সরদারকে।
গ্রেফতারকৃত আকাশ সরদার মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার আড়িয়াল সানবাড়ীর মোসলেম সরকারের পুত্র। এর আগে সোমবার দুপুরে অপহৃত স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অপহরণ মামলা দায়ের করে। অপরদিকে গ্রেফতারকৃত আকাশ সরদারের পরিবারের সদস্যদের দাবী অপহরন নয় তারা একে অপরকে ভালবাসতো। আর তাই তারা নতুন জীবন সংসার বাঁধতে বাসা থেকে পালিয়েছিলো।
মামলায় উল্লেখ্য করা হয়, বাদীর মেয়ে স্থানীয় হাজী পান্দে আলী স্কুলের নবম শ্রেনীর ছাত্রী। প্রতিদিনের মতো সে চলতি মাসের ১৩ তারিখ সকাল নয়টার দিকে নিজ বাসা থেকে স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। যথাসময়ে বাসায় ফিরে না আসায় সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ১৪ আগস্ট বাদীর স্ত্রী ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়েরী (নং ৯১০) করেন।
পরে পরিবারের লোক মারফত জানতে পারেন, ১৩ আগস্ট সকাল সাড়ে ১০ টার দিকে গ্রেফতারকৃত আকাশ বাদীর মেয়েকে ফুসলিয়ে স্কুলের গেইটের সামনে থেকে অপহরন করে নিয়ে গেছে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান মিজান জানান, ‘সোমবার রাতে মুন্সিগঞ্জ থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার সহ গ্রেফতার করা হয়েছে আকাশ সরদার নামক এক যুবককে। মঙ্গলবার দুপুরে কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।’ এন.এইচ/জেসি


