সোনারগাঁয়ে চুনা কারখানায় অভিযান; অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ৩১ আগস্ট ২০২২, ০৯:৩৪ পিএম
সোনারগাঁ পৌরসভার দুলালপুর এলাকায় একটি চুনা কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও কারখানা গুড়িয়ে দিয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইব্রাহিম।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালীন সময় উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস কতৃপক্ষের ডেপুটি জেনারেল ম্যানেজার সুরুজ আলম, সোনারগাঁ থানার ওসি অপারেশন মাহফুজুর রহমানসহ থানা পুলিশের কয়েকজন সদস্য। এসময় কয়েকটি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে পৌসভার দুলালপুর এলাকায় একটি চুনা কারখানায় অবৈধ গ্যাস-সংযোগ দিয়ে বন্দর উপজেলার কামতাল এলাকার নুরে আলম তার কারখানাটি চালিয়ে আসছেন। খবর পেয়ে তিতাসের লোকজন চুনা কারখানায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তা গুড়িয়ে দেয়।
এছাড়া উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি খাবার হোটেলের অবৈধ গ্যাস-সংযোগ বিছিন্নসহ অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার আইনে একটি খাবার হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এবিষয়ে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘সোনারগাঁয়ে যত অবৈধ গ্যাস সংযোগ রয়েছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’ এন.এইচ/জেসি


