সোনারগাঁয়ে পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২, ০১:২১ পিএম
পারিবারিক কলহে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় সনিয়া আক্তার (২৬) নামে এক গৃহবধূ গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। গত মঙ্গলবার রাতে কোন এক সময় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ সনিয়া আক্তার হাড়িয়া চৌধুরীপাড়া এলাকার ডাঃ সানোয়ারের ছেলে সজিব হোসেনের স্ত্রী।
নিহতের নিকট আত্মীয়রা জানান, তিন সন্তানের জননী সনিয়া আক্তার ও সজিব হোসেনের দাম্পত্য জীবন অনেক কলহের ছিল। পারিবারিক জীবনে তাদের সংসারে প্রায় সময় ঝগড়া বিবাদ হতো। ধারনা করা হচ্ছে স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের কারনে মনের ক্ষোভে গৃহবধূ সনিয়া গলায় ফাঁসি দিয়ে আত্নহত্যা করেছে।
সজিবের চাচাতো ভাই জানান, বুধবার সকালে ভেতর থেকে দরজা বন্ধ দেখে সনিয়ার স্বামী সজিব লোহার শাবল দিয়ে দরজা ভেঙে স্ত্রীকে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে চিৎকার করলে আশ-পাশের লোকজন এসে সনিয়াকে উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সনিয়ার বাবা আব্দুল জলিল মিয়া জানান, ‘আমার মেয়ের জামাই একজন নেশাগ্রস্থ লোক। আমার মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে সে। তিনি তার মেয়ের জামাই সজিবকে এই হত্যাকান্ডের জন্য দায়ী করেন।’
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, ‘হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। গৃহবধূ সনিয়া আত্নহত্যা করেই মারা গেছে বলেও নিশ্চিত করেন তিনি।’ এন.এইচ/জেসি


